স্পোর্টস ডেস্ক: বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জেদ। সেই সাহসিকতাই এবার মুগ্ধ করল ফুটবল দুনিয়ার কিংবদন্তি ডেভিড বেকহ্যামকে। মধ্যপ্রদেশের ১৭ বছরের আদিবাসী কিশোরী হেমা নিনামার লড়াইয়ের কাহিনি নিজের সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল অধিনায়ক। শুধু তাই নয়, হেমার সাহসিকতার প্রশংসা করে তিনি বুঝিয়ে দিয়েছেন, সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে মেয়েরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নিতে পারে।
https://x.com/NirmalaBhuria/status/2124072530503967063?a=EuYYX34vCuYWLa3suYk&s=20
মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার বারখেদা গ্রামের বাসিন্দা হেমা ভিল আদিবাসী সম্প্রদায়ের মেয়ে। একাদশ শ্রেণিতে পড়ার সময় তাঁর পরিবার বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু অল্প বয়সে সংসারের দায়িত্ব কাঁধে নিতে রাজি ছিলেন না হেমা। তাঁর স্বপ্ন ছিল আরও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো।
তাই পরিবারের ঠিক করে দেওয়া বিয়েতে সম্মতি না দিয়ে সাহায্য চান স্কুলের শিক্ষকদের কাছে। সন্দীপানি স্কুলের অধ্যক্ষ জি পি ওঝা এবং অন্যান্য শিক্ষকেরা তাঁর পাশে দাঁড়ান। তাঁদের বোঝানো এবং হেমার অনড় সিদ্ধান্তের পর শেষ পর্যন্ত বিয়ের পরিকল্পনা থেকে সরে আসে পরিবার।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে হেমার এই লড়াইয়ের গল্প ভাগ করে নিয়েছেন বেকহ্যাম। ইউনিসেফের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানিয়েছেন, মেয়েরা যখন প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ পায়, তখন তারা নেতৃত্ব দিতে পারে এবং নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে।
হেমার ঘটনা তারই উদাহরণ। বর্তমানে দ্বাদশ শ্রেণির ছাত্রী হেমা। প্রথম বিভাগে একাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর আরও মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার স্বপ্ন রয়েছে তার। শুধু নিজের জীবন গড়াই নয়, অন্য মেয়েদেরও শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে চায় এই কিশোরী।
ইউনিসেফ ইন্ডিয়া একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রের মাধ্যমে হেমার এই অনুপ্রেরণামূলক যাত্রা তুলে ধরেছে। মধ্যপ্রদেশের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী নির্মলা ভুরিয়াও তার সাহসিকতার প্রশংসা করেছেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে রাজ্য সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।
একটি বিয়ে আটকে দিয়ে নিজের ভবিষ্যতের পথ তৈরি করেছে হেমা। এবার তার সেই লড়াইয়ের গল্প পৌঁছে গেল আন্তর্জাতিক মঞ্চেও। ফুটবল কিংবদন্তির প্রশংসা যেন আরও একবার মনে করিয়ে দিল, স্বপ্ন দেখার অধিকার কোনও মেয়ের কাছ থেকে কেড়ে নেওয়া যায় না।




