নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চালু হওয়ার প্রায় এক বছর হতে চলল। তরুণ প্রজন্মকে অনলাইনের ক্ষতিকর বিষয় থেকে দূরে রাখতেই এই পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু বয়স যাচাইয়ের প্রযুক্তিগত ব্যবস্থা এড়িয়ে অনেকেই এখনও সমাজমাধ্যম ব্যবহার করছে বলে খবর। ফলে অনলাইনে নানা ধরনের বিপদের মুখে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে কিশোর-কিশোরীদের।
সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, অনলাইনের বিভিন্ন বিপদ সম্পর্কে কিশোর-কিশোরীদের ধারণা যথেষ্ট স্পষ্ট নয়। গবেষণাটি করেছেন অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের জুলি ম্যাকলিন এবং ইয়েসলাম আল-সাগাফ। নিউ সাউথ ওয়েলসের দু’টি আঞ্চলিক স্কুলের ১১৯ জন পড়ুয়ার উপর সমীক্ষা চালিয়ে ১২ ধরনের অনলাইন বিপদ সম্পর্কে তাদের সচেতনতা যাচাই করা হয়।
তালিকায় ছিল ডিজিটাল ফুটপ্রিন্ট, ট্রোলিং, সাইবার বুলিং, ডক্সিং, সাইবার স্টকিং, অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া, সেক্সটরশন, ক্যাটফিশিং, অনলাইন গ্রুমিং, বিদ্বেষমূলক বক্তব্য, ভুয়ো খবর এবং অনলাইন গেমিংয়ে আসক্তির মতো বিষয়।
সমীক্ষায় দেখা গিয়েছে, সাইবার বুলিং সম্পর্কে প্রায় সব পড়ুয়ারই ধারণা রয়েছে। কিন্তু প্রায় এক তৃতীয়াংশ সেক্সটরশন সম্পর্কে জানে না। ডক্সিং সম্পর্কে সচেতন প্রায় ৪৫ শতাংশ পড়ুয়া। অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার বিষয়টি জানে প্রায় ৩৫ শতাংশ। সবচেয়ে উদ্বেগের বিষয়, অনলাইন গ্রুমিং সম্পর্কে জানে এক চতুর্থাংশেরও কম পড়ুয়া। বিদ্বেষমূলক বক্তব্য সম্পর্কে সচেতন মাত্র ২২ শতাংশ।
গবেষকদের মতে, যে পড়ুয়ারা অনলাইনের বিপদ সম্পর্কে বেশি জানে, তারা নিজেদের সুরক্ষিত রাখার উপায় সম্পর্কেও তুলনায় বেশি সচেতন। তাই বিপদ সম্পর্কে সঠিক ধারণা তৈরি করাই নিরাপদ থাকার প্রথম ধাপ। এ ক্ষেত্রে ছ’টি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
১. ব্যক্তিগত তথ্য প্রকাশে সতর্ক থাকুন
ছবি, ব্যক্তিগত তথ্য বা নিজের অবস্থান অনলাইনে ভাগ করে নেওয়ার আগে ভেবে দেখা জরুরি। অপরিচিত কেউ এই তথ্য ব্যবহার করে বাস্তবে আপনার কাছে পৌঁছে যেতে পারে, ভুয়ো পরিচয় তৈরি করতে পারে কিংবা আপনার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতে পারে। কোনও পোস্টে নিজের স্কুল, যাতায়াতের রুটিন বা অবস্থানের তথ্য প্রকাশ পাচ্ছে কি না, তা যাচাই করা দরকার। মুছে ফেলার পরেও কোনও ছবি বা তথ্য অন্য কেউ কপি করে রাখতে পারে। ক্যামেরা, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং বিভিন্ন অ্যাপের সেটিংস থেকেও অজান্তে অবস্থানের তথ্য প্রকাশ পেতে পারে। তাই নিয়মিত সেগুলি পরীক্ষা করা উচিত।
২. বুলিদের সঙ্গে তর্কে জড়াবেন না
কেউ অপমানজনক বা উস্কানিমূলক বার্তা পাঠালে তার জবাব না দেওয়াই ভাল। পাল্টা প্রতিক্রিয়া পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। বরং বার্তার স্ক্রিনশট রেখে অ্যাকাউন্টটি ব্লক ও রিপোর্ট করুন।
৩. কারও কৌশলী আচরণ চিনতে শিখুন
অনলাইনে অপরিচিত কেউ যদি বারবার ব্যক্তিগত প্রশ্ন করে, আপনার গতিবিধির উপর নজর রাখে, গোপনীয়তা বজায় রাখার জন্য চাপ দেয় কিংবা সামনাসামনি দেখা করার প্রস্তাব দেয়, তা হলে সতর্ক হওয়া প্রয়োজন। সমাজমাধ্যমের পাশাপাশি অনলাইন গেম খেলতে গিয়েও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। কারও আচরণে অস্বস্তি হলে বাবা-মা অথবা বিশ্বাসযোগ্য কোনও বড়দের সঙ্গে কথা বলুন।
৪. ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না
একবার কোনও ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়িয়ে পড়লে তা অন্যের হাতে চলে যেতে পারে। এমনকি সাধারণ ছবিকেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আপত্তিকর ভুয়ো ছবিতে বদলে দেওয়া সম্ভব। কেউ ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা চাইলে বা আরও ছবি পাঠানোর দাবি করলে কোনও ভাবেই টাকা দেবেন না কিংবা নতুন ছবি পাঠাবেন না। সমস্ত বার্তা, ইমেল ও স্ক্রিনশট প্রমাণ হিসাবে রেখে দিন। দ্রুত বিশ্বাসযোগ্য কোনও বড়দের জানান এবং পুলিশের কাছে অভিযোগ করুন।
৫. ভুয়ো পরিচয় সম্পর্কে সতর্ক থাকুন
ক্যাটফিশিংয়ের ক্ষেত্রে কেউ অন্যের ছবি বা পরিচয় ব্যবহার করে অনলাইনে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে। কেউ বারবার ভিডিও কলে আসতে না চাইলে, অল্প সময়ের মধ্যে সম্পর্ককে অত্যন্ত ঘনিষ্ঠ করে তুলতে চাইলে কিংবা তার পোস্টের সঙ্গে নিজের বলা কথার মিল না থাকলে সতর্ক হওয়া দরকার। সন্দেহ হলে যোগাযোগ বন্ধ করুন, ব্যক্তিগত তথ্য বা টাকা দেবেন না। অ্যাকাউন্টটি ব্লক ও রিপোর্ট করুন এবং প্রয়োজন হলে বিশ্বাসযোগ্য কোনও বড়দের সাহায্য নিন।
৬. অনলাইনের তথ্য যাচাই করুন
ইন্টারনেটে দেখা সব তথ্য সত্যি নয়। এআই ব্যবহার করে তৈরি ভুয়ো রাজনৈতিক ভিডিয়ো ও ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এর ফলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে মানুষের ধারণা বিভ্রান্ত হতে পারে। তাই কোনও খবর বা তথ্য অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার আগে উৎসের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন। নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের সাহায্যে তথ্যের সত্যতা মিলিয়ে নিন। অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য দেখলেও তর্কে না জড়িয়ে সংশ্লিষ্ট সমাজমাধ্যমে রিপোর্ট করুন।
গবেষকদের বক্তব্য, অনলাইন ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা এবং সতর্কতাই কিশোর-কিশোরীদের বিপদ থেকে দূরে রাখতে পারে। প্রযুক্তির উপর নিষেধাজ্ঞার পাশাপাশি কী ভাবে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে হয়, সেই শিক্ষাও জরুরি।




