নিউজ ডেস্ক: পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে। এমনই আশঙ্কার কথা জানালেন ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়জল সুলতান। তাঁর দাবি, ৭৪ বছর বয়সি ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে কোনও অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ অথবা কিডনি বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যা চলতে থাকলে হৃদযন্ত্র, কিডনি এবং চোখের রেটিনার মারাত্মক ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে ফয়জল সুলতান জানিয়েছেন, এই ধরনের উচ্চ রক্তচাপের রোগী হলে তিনি এক মুহূর্তও দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাতেন। আগামী কয়েক দিনের মধ্যেই রক্তচাপ নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। একইসঙ্গে দীর্ঘদিন ধরে একাকী বন্দিজীবনও ইমরানের শারীরিক সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। গত ১৬ নভেম্বর পাকিস্তানের শীর্ষ আদালতের কাছে একটি খোলা চিঠি পাঠিয়ে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছিলেন ইমরান খান। আইনজীবী সলমন সফদরের মাধ্যমে প্রকাশ্যে আসা ওই চিঠিতে তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে কার্যত একঘরে করে রাখা হয়েছে। প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা তাঁকে নিঃসঙ্গ অবস্থায় কাটাতে হচ্ছে।
এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা এবং ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগও মিলছে না বলে অভিযোগ করেছেন তিনি। নিজের ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারানোর দাবিও করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জেল থেকে জীবিত অবস্থায় আর ফিরতে পারবেন কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান। তাঁর চিকিৎসা এবং বন্দিদশা নিয়ে পাকিস্তানের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।




