নিউজ ডেস্ক: গণিতের জগতের প্রায় ৭০ বছরের পুরনো এক অমীমাংসিত রহস্যের সমাধান করে বিশ্বজুড়ে ভারতকে গর্বিত করেছেন কলকাতার গণিতবিদ অধ্যাপক নীনা গুপ্ত। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI)-এর এই অধ্যাপক বীজগণিত জ্যামিতির বা আলগেব্রায়িক জিওমেট্রি’র অন্যতম জটিল সমস্যা ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’ -এর সমাধান করেছেন। এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া ২০২৬’ (TIME100 Next India 2026)-এর তালিকায় স্থান করে নিয়েছেন।
১৯৪৯ সালে প্রখ্যাত গণিতবিদ অস্কার জারিস্কি এই গাণিতিক সমস্যাটির প্রস্তাব করেছিলেন। সহজ ভাষায় বলতে গেলে, সমস্যাটি ছিল জ্যামিতিক কাঠামো ও মাত্রা বা ডাইমেনশন নিয়ে। প্রশ্নটি ছিল— দুটি ভিন্ন গাণিতিক ক্ষেত্র বা জ্যামিতিক আকারের সঙ্গে যদি একটি অতিরিক্ত মাত্রা যোগ করার পর সেগুলো দেখতে বা গঠনে একই রকম বা ইকুইভালেন্ট হয়ে যায়, তবে কি মূল কাঠামোগুলোও শুরুতে একই রকম ছিল?
দশকের পর দশক ধরে বিশ্বের তাবড় তাবড় গণিতবিদরা এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন। দ্বিমাত্রিক অর্থাৎ টু ডাইমেনশনাল-এর ক্ষেত্রে এর সমাধান আগেই পাওয়া গেলেও উচ্চতর মাত্রার ক্ষেত্রে তা অধরাই থেকে গিয়েছিল। নীনা গুপ্ত জাপানি গণিতবিদ তেরুও আসানুমার তৈরি করা একটি ত্রিমাত্রিক বা থ্রী ডাইমেনশনাল অ্যাফাইন ভ্যারাইটি ব্যবহার করে প্রমাণ করেন যে, 'পজিটিভ ক্যারেক্টারিস্টিক' ক্ষেত্রে এই নিয়ম খাটে না। অর্থাৎ, অতিরিক্ত মাত্রা যোগ করার পর দুটি কাঠামো অভিন্ন মনে হলেও আদতে তাদের মূল গঠন ভিন্ন হতে পারে। তাঁর এই যুগান্তকারী গবেষণাপত্রটি ২০১৪ সালে প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক গণিত মহলে আলোড়ন সৃষ্টি করে।
১৯৮৪ সালের ২৪ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন নীনা গুপ্ত। ছোটবেলা থেকেই অঙ্কের প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল। ডানলপের খালসা হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি ২০০৬ সালে কলকাতার বেথুন কলেজ থেকে গণিতে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। এরপর ২০০৮ সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI), কলকাতা থেকে স্নাতকোত্তর এবং ২০১১ সালে অধ্যাপক অমর্ত্য কুমার দত্তের তত্ত্বাবধানে কমিউটেটিভ অ্যালজেব্রায় পিএইচডি সম্পন্ন করেন। গবেষণার শুরুর দিকে ২০০৯ সালে যখন তিনি এই জটিল সমস্যাটি সমাধানের কথা ভেবেছিলেন, তখন অনেকেই এটিকে অত্যন্ত কঠিন এবং "সময়ের অপচয়" বলে নিরুৎসাহিত করেছিলেন। কিন্তু অদম্য জেদ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি অসম্ভবকে সম্ভব করে দেখান।
এই অসামান্য অবদানের জন্য অধ্যাপক নীনা গুপ্ত দেশ-বিদেশের বহু মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন।
ইনফোসিস পুরস্কার পেয়েছেন ২০২৪ সলে ,অ্যাফাইন বীজগণিত জ্যামিতিতে যুগান্তকারী কাজের জন্য।
২০২১-এর রামানুজন পুরস্কার, বিশ্বের তৃতীয় নারী এবং চতুর্থ ভারতীয় হিসেবে তিনি এই সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন। ২০১৯ সালে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার যা দেশের অন্যতম সর্বোচ্চ বিজ্ঞান সম্মাননা এবং ২০১৪’তে ইনসা (INSA) ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড যা তরুণ বিজ্ঞানী হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছিলেন তিনি।
অধ্যাপক নীনা গুপ্ত মনে করেন, গণিত কোনো মুখস্থ করার বিষয় নয়, বরং এটি চর্চা ও যুক্তির খেলা। তাঁর মতে, "ভয় না পেয়ে অনুশীলন চালিয়ে গেলে গণিতের প্রতি ভালোবাসা জন্মায়।" পুরুষপ্রধান উচ্চতর গণিত গবেষণার ক্ষেত্রে কলকাতার এই বাঙালি অধ্যাপকের সাফল্য আজ ভারত তথা বিশ্বের অসংখ্য তরুণী ও শিক্ষার্থীদের বিজ্ঞান ও গবেষণায় (STEM) এগিয়ে আসার নতুন পথ দেখাচ্ছে।




