স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের প্রশাসনিক মসনদে বদলের লড়াইয়ে নামছেন উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার সভাপতি অরবিন্দ মেনন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন তিনি। তাঁর লক্ষ্য, ভারতীয় ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করা। বিশেষ করে তৃণমূল স্তরে প্রতিভা তুলে আনা এবং দেশের ফুটবলের সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নে জোর দিতে চান মেনন।
আগামী ২০ ডিসেম্বর এআইএফএফের কার্যকরী কমিটির নির্বাচন হওয়ার কথা। শুক্রবার পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মেনন বলেন, “আমি এআইএফএফ সভাপতি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। মনোনয়ন জমা দেওয়ার বিজ্ঞপ্তি ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা।” তাঁর সংযোজন, রাজ্য সংস্থার একাধিক প্রতিনিধি এবং ফেডারেশনের পদাধিকারীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মেননের কথায়, “আমি নতুন ভাবে শুরু করতে চাই। ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে সঙ্গে নিয়ে এগোতে চাই। রাজ্য সংস্থা, বিশেষজ্ঞ, কর্মকর্তা, প্রাক্তন ফুটবলার, ক্লাব এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে চাই।”
ভারতীয় ফুটবলের উন্নতির জন্য জুনিয়র এবং তৃণমূল স্তরে আরও বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছেন উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার প্রধান। তাঁর মতে, দেশে প্রতিভার অভাব নেই। প্রয়োজন সেই প্রতিভাকে খুঁজে বের করে সঠিক প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া। সিনিয়র দলের উন্নতি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে ভবিষ্যতের ফুটবলার তৈরির ভিত মজবুত করতে হবে ছোটদের স্তর থেকেই।
ভারতের ফিফা ক্রমতালিকায় অবনমন নিয়েও উদ্বিগ্ন মেনন। কয়েক বছর আগে ৯৯ নম্বরে থাকা ভারতীয় দল বর্তমানে ১৪১ নম্বরে। তাঁর মতে, কেরল, উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ এবং গোয়ার মতো ফুটবলপ্রেমী অঞ্চলগুলিতে খেলার জনপ্রিয়তাকে আরও ছড়িয়ে দিতে হবে দেশের অন্যান্য প্রান্তেও।
এআইএফএফের বর্তমান সভাপতি কল্যাণ চৌবের ভবিষ্যৎ পরিকল্পনা এখনও স্পষ্ট নয়। প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেলও এই নির্বাচনে লড়তে পারেন বলে জল্পনা রয়েছে। ২০১০ থেকে ২০২২ পর্যন্ত এআইএফএফের সভাপতি ছিলেন তিনি। ফলে মেননের লড়াইয়ে নামার ঘোষণায় আসন্ন নির্বাচন ঘিরে উত্তাপ আরও বাড়ল।




