মুম্বই: দিনের বেলা কলেজে পড়াশোনা, আর সন্ধ্যা নামলেই পেট্রল পাম্পে কাজ। রাত ১০টা পর্যন্ত চলে সেই কাজ। পরের দিন সকালে আবার কলেজ। সপ্তাহান্তে তো আরও কঠিন রুটিন—ছুটির বদলে সকাল ও সন্ধ্যা, দু’সময়েই কাজ। নিজের পড়াশোনার খরচ নিজেই জোগাড় করতে এ ভাবেই প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছেন মহারাষ্ট্রের রায়গড়ের এক তরুণী। তাঁর এই অদম্য জেদ ও আত্মনির্ভরতার কাহিনি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।
ঘটনার সূত্রপাত একটি পেট্রল পাম্পে। ভিনীত কে নামে এক ব্যক্তি নিজের গাড়িতে জ্বালানি ভরাতে সেখানে গিয়েছিলেন। যানজটের কারণে মাত্র ৪ কিলোমিটার রাস্তা যেতে তাঁর প্রায় ৪৫ মিনিট সময় লেগেছিল। দীর্ঘ যানজটে বিরক্ত হয়েই পেট্রল পাম্পে পৌঁছেছিলেন তিনি। কিন্তু সেখানে কর্মরত এক তরুণীর সঙ্গে কথোপকথনের পর তাঁর বিরক্তি কার্যত উধাও হয়ে যায়। বরং নিজের দৈনন্দিন অভিযোগগুলিকে নতুন করে ভাবতে বাধ্য হন তিনি।
তরুণীর সঙ্গে কথা বলতে গিয়ে ভিনীত জানতে পারেন, তিনি আদতে পেট্রল পাম্পের পূর্ণ সময়ের কর্মী নন। পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে এসেছেন। দিনের বেলা কলেজে ক্লাস করেন, আর ক্লাস শেষ হলেই চলে যান পেট্রল পাম্পে। সেখানে রাত প্রায় ১০টা পর্যন্ত কাজ করেন। পরের দিন ফের সকালেই কলেজে হাজির হন। এ ভাবেই চলছে তাঁর প্রতিদিনের জীবন।
তবে সপ্তাহান্তে তাঁর লড়াই আরও কঠিন। অন্য পড়ুয়ারা যখন ছুটির দিনে বিশ্রাম নেন, বন্ধুদের সঙ্গে সময় কাটান, তখন ওই তরুণী অতিরিক্ত উপার্জনের জন্য সকাল ও সন্ধ্যা—দু’টি শিফটেই কাজ করেন। কারণ, তাঁর উপার্জনের টাকা কোনও শখ পূরণের জন্য নয়। সেই টাকা দিয়েই কলেজের পড়াশোনার খরচ এবং ফি মেটাতে হয় তাঁকে।
তরুণীর জীবনযাত্রার কথা শুনে বিস্মিত হয়ে যান ভিনীত। পরে সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। তাঁর বক্তব্যের সারমর্ম, যানজট, পেট্রলের দাম কিংবা দৈনন্দিন জীবনের ছোটখাটো সমস্যা নিয়ে আমরা অনেক সময় বিরক্ত হই। কিন্তু আমাদের আশপাশেই এমন মানুষ রয়েছেন, যাঁরা নিজেদের ভবিষ্যৎ গড়তে প্রতিদিন অনেক বেশি কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন। তাঁদের সংগ্রামের কথা জানলে নিজের সমস্যাগুলিকে অন্য ভাবে দেখতে শেখা যায়।
এই তরুণীর পরিচয় বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তাঁর দৈনন্দিন রুটিনের যে ছবি সামনে এসেছে, তা ইতিমধ্যেই বহু মানুষের মন ছুঁয়েছে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য আর্থিক সমস্যার মুখে পড়া বহু তরুণীর কাছে তাঁর লড়াই অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
শিক্ষা অর্জনের পথে আর্থিক বাধা নতুন কিছু নয়। অনেকের কাছেই কলেজে পড়ার অর্থ শুধু ক্লাস, পরীক্ষা আর বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তার সঙ্গে জুড়ে যায় সংসারের দায়িত্ব, উপার্জনের চাপ এবং নিজের পায়ে দাঁড়ানোর লড়াই। সেই পরিস্থিতিতে পড়াশোনা ছেড়ে দেওয়ার বদলে কাজ করে নিজের শিক্ষার খরচ জোগাড় করার সিদ্ধান্ত নিয়েছেন রায়গড়ের এই তরুণী।
কোনও বড় পদক নেই, নেই পরিচিতির আলো। প্রতিদিন কলেজে যাওয়া, সন্ধ্যায় কাজে যোগ দেওয়া, রাত ১০টা পর্যন্ত পরিশ্রম করে পরের দিন আবার ক্লাসে ফেরা—এই সাধারণ রুটিনের মধ্যেই লুকিয়ে রয়েছে অসাধারণ এক জেদ। তাঁর গল্প যেন মনে করিয়ে দেয়, স্বপ্ন পূরণের পথ সব সময় মসৃণ হয় না। কখনও কখনও সেই পথ তৈরি করতে হয় নিজের পরিশ্রমেই।




