নিউজ ডেস্ক: বিয়ে ভাঙাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা কোচবিহারে। বিয়ের মাত্র পাঁচ দিন আগে পাত্রপক্ষকে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ছেলের বাড়ির সামনে বিক্ষোভ দেখান কনের পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। আটক করা হয় পাত্রের বাবাকে।
ঘটনাটি কোচবিহারের বাবুহাট সংলগ্ন খ্রিস্টানপাড়া এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার এক যুবকের সঙ্গে পিলখানা লঙ্কাবর এলাকার এক তরুণীর প্রায় এক বছর আগে বিয়ে ঠিক হয়েছিল। দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিনক্ষণ স্থির হওয়ার পাশাপাশি সম্পন্ন হয়েছিল যাবতীয় প্রস্তুতিও। কিন্তু বিয়ের ঠিক পাঁচ দিন আগে পাত্রপক্ষ বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ। কনের পরিবারের দাবি, পণের টাকা চাওয়া হয়েছিল। সেই দাবি পূরণে রাজি না হওয়াতেই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাত্রপক্ষ। এমনকি আসবাবপত্র দেওয়ার বিষয়টি নিয়েও আপত্তি জানানো হয়েছিল বলে অভিযোগ।
হঠাৎ বিয়ে ভেঙে যাওয়ায় বিপাকে পড়ে কনের পরিবার। শনিবার তাঁরা পাত্রের বাড়িতে গিয়ে বিয়ে বাতিলের কারণ জানতে চান। অভিযোগ, পাত্রপক্ষের তরফে কোনও সদুত্তর মেলেনি। এরপরই বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন কনের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
এদিকে, ঘটনার বিষয়ে পাত্রের বাবার বক্তব্য জানতে গেলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সাংবাদিকদের ক্যামেরায় ধাক্কা দেওয়ার পাশাপাশি ক্যামেরা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন বলে অভিযোগ। বিয়ের মাত্র পাঁচ দিন আগে এমন ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।




