নিউজ ডেস্ক: পবিত্র গীতাভূমি কুরুক্ষেত্রে আগামী ৫ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে 'আন্তর্জাতিক গীতা মহোৎসব ২০২৬'। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির উদ্যোগে আয়োজিত এই বিশাল ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবছর 'পার্টনার স্টেট' বা সহযোগী রাজ্য হিসেবে অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গ। ঐতিহাসিক এই মহোৎসবে রাজ্যের অংশগ্রহণের খবর সামনে আসতেই খুশির হাওয়া বাংলার সর্বত্র। সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস ও গর্বের কথা তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মহোৎসবের প্রস্তুতি ও রূপরেখা চূড়ান্ত করতে শনিবার কুরুক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।
পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ দূত হিসেবে ওই বৈঠকে যোগ দেন রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাই। বৈঠকে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির সঙ্গে উৎসবের যাবতীয় পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে তাঁর বিস্তারিত আলোচনা হয়। কুরুক্ষেত্রের এই সফরে গিয়ে প্রখ্যাত গীতামনীষী পূজ্য স্বামী জ্ঞানানন্দ জি মহারাজের সান্নিধ্য ও আশীর্বাদও গ্রহণ করেন উমেশ রাই। পরে নিজের এক্স হ্যান্ডলে সেই মুহূর্তের ছবি ও অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি।
https://x.com/SuvenduWB/status/2124101392474493032?a=xH7faY3pG23LhKjTPjA&s=08
উমেশ রাইয়ের সেই বার্তার সূত্র ধরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর সমাজমাধ্যমে লেখেন, গীতাভূমিতে আয়োজিত এই মহোৎসবে পশ্চিমবঙ্গের পার্টনার স্টেট হওয়া সমস্ত বাঙালির কাছেই অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তাঁর মতে, শ্রীমদ্ভগবদ্গীতার চিরন্তন বাণী ও আদর্শকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার এই মহতী উদ্যোগে হরিয়ানা সরকারের সঙ্গে হাত মেলাতে পেরে পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত আনন্দিত।
শুভেন্দু অধিকারী আরও আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগের মাধ্যমে আগামী দিনে পশ্চিমবঙ্গ ও হরিয়ানার মধ্যে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। দুই রাজ্যের এই যৌথ প্রয়াস জাতীয় সংহতির ক্ষেত্রেও এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিজের বার্তার শেষে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং পূজ্য স্বামী জ্ঞানানন্দ জি মহারাজকে সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
ডিসেম্বর মাসের শুরু থেকেই কুরুক্ষেত্রের পুণ্যভূমিতে দেশ-বিদেশের অগণিত ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে। সেখানে পশ্চিমবঙ্গের নিজস্ব প্যাভিলিয়ন এবং সাংস্কৃতিক উপস্থাপনা যে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।




