নিউজ ডেস্ক: হেলিকপ্টার থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটছে। মাটিতে একের পর এক বিস্ফোরণ। চারদিকে আগুন, আতঙ্ক আর বন্দুকযুদ্ধ। মেক্সিকোর সিনালোয়া প্রদেশে এ ভাবেই ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় থাকা মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেফতার করল মেক্সিকোর সেনাবাহিনী। ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত এই কুখ্যাত মাদক কারবারির মাথার দাম ঘোষণা করেছিল আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই। তাঁকে ধরিয়ে দিতে ৫০ লক্ষ ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
শুক্রবার গুয়াসাভে শহরে এই অভিযান চালায় মেক্সিকোর বিশেষ সামরিক বাহিনী। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আমেরিকার সঙ্গে গোয়েন্দা তথ্য আদানপ্রদানের ভিত্তিতে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্রথমে মেসা ফ্লোরেসের অবস্থান চিহ্নিত করা হয়।
তার পর গোপনীয়তা ও অতর্কিত আক্রমণের কৌশল নিয়ে তাঁকে ঘিরে ফেলে বাহিনী। কিন্তু অভিযান শুরু হতেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে সশস্ত্র দুষ্কৃতীরা। সেনাবাহিনীর দাবি, তাদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশ থেকে হেলিকপ্টার ব্যবহার করে পাল্টা গুলি চালানো হয়।
সেই সংঘর্ষের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা গিয়েছে, শহরের উপর চক্কর কাটছে সামরিক হেলিকপ্টার। সেখান থেকেই মাটির দিকে লাগাতার গুলি ছোড়া হচ্ছে। অভিযানের প্রভাব পড়ে শহরের স্বাভাবিক জীবনেও। গুয়াসাভের কুরোদা পার্কে চলছিল বেসবল ম্যাচ।
গুলির শব্দে আতঙ্কিত হয়ে মাঠ ছেড়ে পালিয়ে যান খেলোয়াড়েরা। দর্শকেরাও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। মাঝপথেই বন্ধ করে দিতে হয় ম্যাচ। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ঘরে থাকার এবং রাস্তায় না বেরোনোর পরামর্শ দেয়। একাধিক এলাকায় রাস্তা অবরোধ ও যানবাহনে আগুন লাগানোর ঘটনাও ঘটে।
কে এই এল চাপো ইসিদ্রো?
মেসা ফ্লোরেস মেজা-ফ্লোরেস অপরাধী সংগঠন তথা লস মাজাতলেকোসের প্রধান বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে আমেরিকায় হেরোইন, কোকেন, মেথামফেটামিন, ফেন্টানিল ও গাঁজা পাচারের অভিযোগ রয়েছে। ২০১২ এবং ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল।
২০২৫ সালে তাঁকে এফবিআইয়ের দশ মোস্ট ওয়ান্টেড পলাতকের তালিকায় রাখা হয়। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, গ্রেফতারের পর মেসা ফ্লোরেসকে বিমানে করে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। অভিযানে তাঁর সংগঠনের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্যকেও আটক করা হয়েছে।




