নিউজ ডেস্ক: বিচারকের সঙ্গে অভিযুক্তের পারিবারিক সম্পর্ক! একই পরিবারের সদস্যের হাতে তদন্তের দায়িত্ব, আর তাঁরই সিদ্ধান্তে চাকরি গেল শিক্ষকের। এমন ঘটনায় বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গেই প্রায় ১৩০ বছর আগের ব্রিটিশ আমলের একটি ঘটনা সামনে আনল দেশের শীর্ষ আদালত। সেই ঘটনায় তৎকালীন এক বিচারপতি প্রধান বিচারপতির বার্তাবাহককে বলেছিলেন, ‘গিয়ে প্রধান বিচারপতিকে নিজের চরকায় তেল দিতে বলুন।’ পুরনো সেই ঘটনা মনে করিয়েই বর্তমান বিচারব্যবস্থায় নিরপেক্ষতার গুরুত্ব স্পষ্ট করেছে আদালত।
ঘটনাটি মহারাষ্ট্রের এক সহকারী শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত হওয়া সংক্রান্ত। ওই শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ মোট ২০টি অভিযোগ এনেছিল। অভিযোগগুলির মধ্যে ১১টির ক্ষেত্রে একমাত্র সাক্ষী ছিলেন স্কুলের সেক্রেটারি। অথচ সেই অভিযোগের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছিল সেক্রেটারির নিজের ভাইকে। অর্থাৎ, অভিযোগকারী দাদা নিজেই ভাইয়ের সামনে সাক্ষ্য দিয়েছেন। সেই সাক্ষ্যের ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই তদন্ত প্রক্রিয়াকেই পক্ষপাতদুষ্ট ও বেআইনি বলে পর্যবেক্ষণ করেছে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, কোনও মামলায় অভিযোগকারী বা সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বিচারক কিংবা তদন্তকারীর ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক থাকলে নিরপেক্ষতা নিয়ে যুক্তিসঙ্গত আশঙ্কা তৈরি হতে পারে।
এই প্রসঙ্গেই উঠে আসে ১৮৯৫ সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হওয়া বদরুদ্দিন তৈয়বজির নাম। তিনি ছিলেন বম্বে হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি। তাঁর দুই ছেলেও আইনজীবী ছিলেন এবং বাবার এজলাসে নিয়মিত মামলা লড়তেন। এমনকী, কোনও মামলায় একজন অভিযোগকারীর হয়ে এবং অন্যজন অভিযুক্তের হয়ে সওয়াল করতেন।
বিষয়টি তৎকালীন প্রধান বিচারপতি স্যর লরেন্স জেনকিন্সের নজরে আসে। তিনি একজন বার্তাবাহক পাঠিয়ে তৈয়বজিকে জানতে চান, তাঁর নিজের ছেলেদের তাঁর এজলাসে মামলা লড়া কতটা যুক্তিসঙ্গত। জবাবে তৈয়বজি কার্যত ধমকের সুরে বলেন, ‘প্রধান বিচারপতিকে নিজের চরকায় তেল দিতে বলুন।’ এরপর আর বিষয়টি নিয়ে এগোননি তৎকালীন প্রধান বিচারপতি।
তবে সময়ের সঙ্গে বিচারব্যবস্থার দৃষ্টিভঙ্গি বদলেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুধু বিচারকের সিদ্ধান্ত নিরপেক্ষ হলেই চলবে না, বিচারপ্রক্রিয়াটি যে নিরপেক্ষ, তা সাধারণ মানুষের কাছেও বিশ্বাসযোগ্য হতে হবে। ১৯৬৯ সালের বহুচর্চিত ক্রাইপ্যাক মামলার উল্লেখ করে আদালত জানায়, পক্ষপাতিত্ব বাস্তবে ঘটেছে কি না, তা প্রমাণ করাই একমাত্র শর্ত নয়। নিরপেক্ষ বিচার না হওয়ার যুক্তিসঙ্গত আশঙ্কা থাকলেও সিদ্ধান্ত বাতিল হতে পারে।
এই মামলায় ২০২৪ সালের ২১ মার্চ নাগপুরের স্কুল ট্রাইব্যুনাল শিক্ষকের বরখাস্তের সিদ্ধান্ত খারিজ করেছিল। সেই নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সংশ্লিষ্ট শিক্ষককে অন্য কোনও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে চাকরির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে এডুকেশন অফিসারকে।
আদালতের এই পর্যবেক্ষণ আরও একবার মনে করিয়ে দিল, বিচারব্যবস্থায় নিরপেক্ষতা শুধু একটি নিয়ম নয়, ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা বজায় রাখার অন্যতম শর্ত।




