নিউজ ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ। মাঠের ফসল নষ্ট হলে তার প্রভাব শুধু জমির মালিকের উপরেই পড়ে না, সংকটে পড়েন সেই ফসলের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষও। যাঁদের জীবিকা সম্পূর্ণভাবে কৃষির ওপর নির্ভরশীল তাঁদের ভবিষ্যৎ কি হবে? সরকারি সাহায্যের আওতার বাইরে থেকে যাবেন না তো তাঁরা? এই প্রশ্ন ঘিরে এবার নতুন করে সরব হলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।
শনিবার, ২১ নভেম্বর সমাজ মাধ্যমে একটি পোস্ট করে কৃষি ক্ষেত্রে দুর্যোগের প্রভাব এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, "প্রাকৃতিক দুর্যোগে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। জমির মালিকরা সরকারি ক্ষতিপূরণের কিছুটা সুযোগ পেতে পারেন। কিন্তু ছোট কৃষক এবং ভূমিহীন ক্ষেতমজুরদের পরিস্থিতি অনেক বেশি কঠিন।" কারণ তাঁদের জীবিকা নির্ভর করে প্রতিদিনের কৃষিকাজ এবং উপার্জনের উপর।
কুনাল ঘোষের মতে, শুধুমাত্র কৃষিবীমা কিংবা জমির ক্ষতিপূরণ দিয়ে এই সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব নয়। কৃষির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত এমন বহু মানুষ রয়েছেন, যাঁদের নিজেদের জমি নেই। ফলে ফসল নষ্ট হলে তাঁদের উপার্জনের পথও কার্যত নষ্ট হয়ে যায়। অথচ ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে তাঁরা অনেক সময়ই উপযুক্ত সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের বিভিন্ন সামাজিক প্রকল্পের কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, সেই সময় বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে বহু পরিবার একটি সুরক্ষা বলয়ের মধ্যে ছিল। তবে বর্তমানে সমস্ত পরিবার সেই সুবিধা পাচ্ছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কুনাল।
পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। তাঁর দাবি, কৃষি বীমা ও ক্ষতিপূরণের পাশাপাশি কৃষি নির্ভর পেশার সঙ্গে যুক্ত ভূমিহীন শ্রমিক এবং ছোট কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কুনালের এই বক্তব্য ঘিরে সমাজের মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।




