নিউজ ডেস্ক: ভারত ও বুলগেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে বুলগেরিয়ার বিদেশমন্ত্রী ভেলিস্লাভা পেত্রোভা-চামোভার সঙ্গে বৈঠকে বসেন তিনি। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি-সহ একাধিক ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে জয়শঙ্কর জানান, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি শীঘ্রই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তি ভারত-ইউরোপ সম্পর্ককে নতুন গতি দেবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং যাতায়াত সংক্রান্ত কাঠামো চুক্তির কথাও তুলে ধরেন বিদেশমন্ত্রী।
চলতি বছরের জুন মাসে বুলগেরিয়ার রাজধানী সোফিয়া সফরের প্রসঙ্গও উল্লেখ করেন জয়শঙ্কর। তাঁর মতে, সেই সফর দুই দেশের সম্পর্ককে নতুন দিশা দেখিয়েছিল। এবার বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর ভারত সফর দুই দেশের সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা এবং নতুন সম্ভাবনার ক্ষেত্র চিহ্নিত করার সুযোগ করে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, পর্যটন, শিক্ষা এবং প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
এদিন কৃষ্ণসাগরে আক্রান্ত জাহাজ থেকে ভারতীয় নাবিকদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বুলগেরিয়া সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জয়শঙ্কর। আহত নাবিকদের চিকিৎসা ও দেখভালের ব্যবস্থা করার জন্যও বুলগেরিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, ২০ থেকে ২২ নভেম্বর তিন দিনের ভারত সফরে এসেছেন বুলগেরিয়ার বিদেশমন্ত্রী। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।




