নিউজ ডেস্ক: একদিকে জনপদ যখন আতঙ্কে কাঁপে, ঘরবাড়ি যখন চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে এই পরিস্থিতির পিছনে কারা? কার নির্দেশে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল? আর সেই সময় দায়িত্বে থাকার ব্যক্তিদের ভূমিকা কি ছিল? অতীতের এক ভয়াবহ ঘটনার প্রসঙ্গ টেনে এবার সমাজ মাধ্যমে এমনই এক বিতর্কিত প্রশ্ন তুলে দিলেন নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন।
নড়াইলের হিংসার প্রসঙ্গ তুলে বাংলাদেশের বিএনপি নেতা তারেক জিয়াকে সরাসরি আক্রমণ করেছেন তিনি। সমাজ মাধ্যমে একটি পোষ্ট করে তসলিমা লিখেন, "নড়াইল যখন পুড়ছিল, তারেক জিয়া কি করছিল? বাঁশি বাজাচ্ছিল?" এরপরই নিজের সেই প্রশ্নের উত্তর দিয়ে লেখিকার বিস্ফোরক দাবি, তারেক জিয়া বাঁশি বাজাচ্ছিলেন না, বরং সন্ত্রাসীদের নির্দেশ দিচ্ছিলেন মানুষের মাথা গুঁড়িয়ে দিতে, বুলডোজার চালিয়ে বাড়ি ঘর নিশ্চিত করতে এবং গ্রামে গ্রামে আগুন ধরিয়ে দিতে।
তসলিমার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অতীতের হিংসাত্মক ঘটনাগুলিকে কেন্দ্র করে তাঁর এই আক্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে লেখিকার পোস্টে যে অভিযোগ গুলি করা হয়েছে সেগুলি তাঁর নিজের বক্তব্য। তারেক জিয়ার বিরুদ্ধে এই নির্দিষ্ট অভিযোগের সমর্থনে কোনও স্বাধীন প্রমাণ বা বিস্তারিত তথ্য জানা যায়নি। ফলে বিষয়টি নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সংশ্লিষ্ট ঘটনার প্রেক্ষাপট যাচাই করা জরুরী।
উল্লেখ্য, তসলিমা নাসরিন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতি, মৌলবাদ এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে সরব। বিভিন্ন সময়ে সমাজ মাধ্যমে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এবার নড়াইলের হিংসার প্রসঙ্গ তুলে তারেক জিয়াকে নিশানা করায় ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন তিনি। তসলিমার এই পোস্টের পর রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া তৈরি হয়, এখন সেটাই দেখার।




