স্পোর্টস ডেস্ক: গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু পেনাল্টি মিসের খেসারত দিতে হল দলকে। সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির কাছে ১-৩ গোলে হারল আল নাসের। শুক্রবার জেদ্দায় এই ম্যাচে শুরুটা দুর্দান্ত করেছিলেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু তাঁর একটি ভুলই বদলে দিল ম্যাচের ছবিটা। ১০০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৪ গোল দূরে রোনাল্ডো।
ম্যাচের ১৪ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন ৪১ বছরের রোনাল্ডো। এটি ছিল তাঁর কেরিয়ারের ৯৮৬তম গোল। কিন্তু চার মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন তিনি। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় আল নাসরের।
চলতি মরসুমে সৌদি প্রো লিগে এটি রোনাল্ডোর দ্বিতীয় পেনাল্টি মিস। এর আগে গত অক্টোবরে নিওমের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। আল নাসরে যোগ দেওয়ার পর এই প্রথম লিগে পরপর দু’টি পেনাল্টি মিস করলেন পর্তুগিজ তারকা।
প্রথমার্ধের সংযুক্ত সময়ে গ্যালেনোর দুরন্ত গোলে সমতা ফেরায় আল আহলি। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইংল্যান্ডের ইভান টোনি। চার মিনিট পর রজার ইবানেজের হেডে ব্যবধান বাড়ে। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় তুলে নেয় আল আহলি।
এই হারের ফলে লিগ তালিকায় তৃতীয় স্থানেই রইল আল নাসের। ২৮ পয়েন্ট নিয়ে তারা আল কাদসিয়ার সমান জায়গায় রয়েছে। শীর্ষে আল হিলাল, তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। অন্য দিকে, জয়ের সুবাদে চতুর্থ স্থানে উঠে এল আল আহলি। উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর এটাই ছিল রোনাল্ডোর প্রথম ম্যাচ।




