নিউজ ডেস্ক: হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হেনস্তা কিংবা হুমকির ঘটনা রুখতে এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২০০৯ সালের বিশেষ আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। এই মর্মে রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং কলকাতা-সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের কমিশনারদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, চিকিৎসক, নার্স কিংবা অন্য কোনও স্বাস্থ্যকর্মীর উপর হামলা, কাজে বাধা, ভয় দেখানো অথবা হাসপাতালের সম্পত্তি নষ্টের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ করতে হবে। কোনও অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে এই আইনে। শুধু তাই নয়, হাসপাতালের সম্পত্তি ভাঙচুর বা ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণও অভিযুক্তের কাছ থেকে আদায়ের ব্যবস্থা রয়েছে।
স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, অভিযোগ পাওয়ার পর দ্রুত এফআইআর দায়ের, তদন্ত শুরু এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত সিসিটিভি ফুটেজ, মেডিক্যাল রিপোর্ট-সহ যাবতীয় প্রমাণ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি হাসপাতালের ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে বলা হয়েছে পুলিশকে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, 'চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের শারীরিক আঘাতের পাশাপাশি অপমান কিংবা মানসিক নির্যাতনের ঘটনাতেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন কার্যকর না হওয়ার কারণেই অনেকে সাহস পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।'
সম্প্রতি চোরবাগানকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন আট ইন্টার্ন চিকিৎস। যার জেরে শো কজ করা হয় তাঁদের। এরপর শো কজের নোটিস প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করে চিকিৎসক-পড়ুয়ারা। উতপ্ত হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর। অভিযোগ, ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও হয় বহিরাগতরা। তাণ্ডবের ঘটনায় এবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রীর। তিনি বলেন, 'দোষী প্রমাণিত হলে পড়ুয়াদের সাসপেন্ড করা হতে পারে। কিছু মানসিক মাওবাদী, নকশালপন্থীদের তাণ্ডব। ১২৫০ ছাত্রছাত্রীর মধ্যে মেরেকেটে ২০ জন ‘মানসিক মাওবাদী’ জঙ্গি আন্দোলন করছে। হাসপাতাল চত্বরে বহিরাগতদের প্রবেশ এবং চিকিৎসকদের হেনস্থার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছিল। জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের উপর হামলার অভিযোগ ঘিরে নতুন করে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে।




