নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রায় দু’দশক পর নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হল কলকাতার ঐতিহ্যবাহী মল্লিকঘাট ফুলবাজারের। হাওড়া ব্রিজের কাছে হুগলি নদীর তীরে অবস্থিত এই ফুলবাজারকে আধুনিক রূপ দিতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা ও রাজ্য প্রশাসন। শনিবার কলকাতা পুরসভার সদর দপ্তরে এই সংস্কার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, পুর কমিশনার স্মিতা পান্ডে, জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা এবং কলকাতা পুলিশ ও কলকাতা পোর্ট ট্রাস্টের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ২০০৫ সালের পরেও মল্লিকঘাট ফুলবাজার সংস্কারের একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। তৎকালীন বামফ্রন্ট পরিচালিত কলকাতা পুরসভার বোর্ড সেই পরিকল্পনায় সম্মতি দিয়েছিল। উদ্যোগের নেপথ্যে ছিলেন তৎকালীন সাংসদ সুধাংশু শীল। কিন্তু নানা কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। দীর্ঘ সময় পর ফের বাজারের পরিকাঠামো উন্নয়নে তৎপর হয়েছে প্রশাসন।
জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা জানিয়েছেন, এবার মল্লিকঘাট ফুলবাজারের সংস্কার করা হবে। বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি এই বিষয়টি নিয়ে পুরসভা ও রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা চালাচ্ছিলেন। গত অগস্ট মাসেই রাজ্য সরকারের তরফে সংস্কারের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। শনিবারের বৈঠকে সেই পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
কী কী পরিবর্তন আসছে ফুলবাজারে?
মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী, মল্লিকঘাট থেকে জগন্নাথঘাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সংস্কারের কাজ হবে। পরিকল্পনা অনুযায়ী, সেখানে তৈরি হবে চারতলা একটি আধুনিক ভবন। ভবনের প্রতিটি তল ফুলের ব্যবসার কাজে ব্যবহার করা হবে। শুধু ফুল কেনাবেচাই নয়, ফুল থেকে তৈরি আবির, রং এবং অন্যান্য সামগ্রী বিক্রির জন্যও থাকবে আলাদা দোকান।
পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হবে আধুনিক শৌচালয়, বিশ্রামাগার, খাবারের জায়গা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। ফুল দীর্ঘক্ষণ সতেজ রাখার জন্য থাকবে কোল্ড স্টোরেজের সুবিধাও।
বাজারের অন্যতম বড় সমস্যা আবর্জনা ব্যবস্থাপনা। প্রতিদিন বিপুল পরিমাণ ফুল ও অন্যান্য বর্জ্য জমা হয়। সেই সমস্যা মেটাতে তৈরি করার পরিকল্পনা রয়েছে আধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র।
পুর কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছেন, বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার ধাপে ধাপে সংস্কার পরিকল্পনা কার্যকর করা হবে।
ঐতিহ্যবাহী মল্লিকঘাট ফুলবাজার শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের ফুল ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এই সংস্কার বাস্তবায়িত হলে ফুল ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা সকলেই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।




