নিউজ ডেস্ক: দুর্গাপুরের শহরের প্রাণকেন্দ্রে বদলে যাচ্ছে পরিচিত ছবি। একসময় যেখানে শোভা পেত বিশ্ব বাংলার লোগো, এবার সেই জায়গাতেই স্থায়ীভাবে বসতে চলেছে ৩০ ফুটের বিশাল বজরংবলীর মূর্তি। দুর্গাপুরের ডিএমসি মোড় সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে মূর্তিটি। শুরু হয়েছে মূর্তি স্থাপন এবং সংশ্লিষ্ট এলাকার সৌন্দর্যায়নের প্রস্তুতি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুরের ওই জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছিল বিশ্ব বাংলার লোগো। তারপর থেকে জায়গাটি ফাঁকাই পড়েছিল। এবার সেখানে বজরংবলীর মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। মূর্তি স্থাপনের পাশাপাশি নিরাপত্তা এবং যান চলাচল নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয়েছে।
বিধায়ক লক্ষ্মণ ঘরুই জানিয়েছেন, দুর্গাপুজোর সময় অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপে অস্থায়ীভাবে ৩০ ফুটের এই বজরংবলীর মূর্তি রাখা হয়েছিল। দর্শনার্থীদের মধ্যে মূর্তিটি যথেষ্ট জনপ্রিয়তা পায়। এরপরই সেটিকে স্থায়ীভাবে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এডিডিএ-র অনুমতি নিয়েই মূর্তি স্থাপনের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে মূর্তির চারপাশে রেলিং, ছাদ এবং পুজো-অর্চনার ব্যবস্থাও করার পরিকল্পনা রয়েছে।
আগামী ২৭ নভেম্বর দুর্গাপুর সফরে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তাঁর হাতেই এই মূর্তির উদ্বোধন হতে পারে। যদিও উদ্বোধনের চূড়ান্ত কর্মসূচি এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে, এই উদ্যোগের সমালোচনা করেছে সিপিএম। দলের জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসুর বক্তব্য, দুর্গাপুরের বন্ধ কলকারখানা চালু করা এবং মানুষের5 কর্মসংস্থানের ব্যবস্থা করাই এখন বেশি জরুরি। মূর্তি ও মন্দির স্থাপনের পাশাপাশি শিল্পাঞ্চলের উন্নয়নে নজর দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে বিশ্ব বাংলার লোগোর জায়গায় বজরংবলীর মূর্তি স্থাপনকে কেন্দ্র করে দুর্গাপুরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।




