নিউজ ডেস্ক: ভারতের ব্যস্ত মেট্রো শহরগুলোতে যখন যানজট আর কানফাটানো হর্নের আওয়াজ নিত্যদিনের সঙ্গী, ঠিক তখনই নাগরিক সচেতনতা ও শৃঙ্খলার এক অনন্য নজির গড়ে চলেছে মিজোরামের রাজধানী আইজল। সম্প্রতি মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) আইজলের রাস্তার একটি ভিডিও শেয়ার করে সেখানকার মানুষের ট্রাফিক শৃঙ্খলা ও নীরব পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর মতে, বর্তমান সময়ে এই ‘নীরবতা’ পর্যটকদের ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে।
আনন্দ মহিন্দ্রার শেয়ার করা ভিডিওটিতে এক নারীকে আইজলের ব্যস্ত রাস্তার ট্রাফিক পরিস্থিতি দেখাতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় অসংখ্য গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও কোথাও কোনো হর্নের শব্দ নেই। প্রতিটি গাড়ি অত্যন্ত ধৈর্য ধরে নিজেদের লেনে অপেক্ষা করছে এবং কেউই স্টপ লাইন অতিক্রম করছে না। ভিডিওতে ওই নারী অত্যন্ত গর্বের সাথে বলেন, “এখানে অনেক গাড়ি রয়েছে, কিন্তু কোনো হর্ন বাজছে না। চারপাশ পুরোপুরি শান্ত, কারণ এখানকার মানুষের ধৈর্য আছে এবং আমরা নিয়ম মেনে চলি।” দেশের অন্যান্য শহরের মানুষদের আইজল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “অন্যান্য শহরে প্রচুর শব্দদূষণ হয়... কিন্তু আপনাদের এখান থেকে শেখা উচিত, কারণ দেখতেই পাচ্ছেন এখানে কোনো হর্নের আওয়াজ নেই।”
https://x.com/anandmahindra/status/2124365857908564028/video/1?a=2WH7LtRjjDlIYzOZKoM&s=19
রবিবার (২২ নভেম্বর) এক্স-এ দেওয়া ওই পোস্টে আনন্দ মহিন্দ্রা উল্লেখ করেন যে, তিনি এর আগেও আইজলের জনগণের অসাধারণ ট্রাফিক শৃঙ্খলা, লেনের শিষ্টাচারের প্রতি তাদের শ্রদ্ধা এবং ২০১৭ সালে চালু হওয়া শহরের 'হর্ন না বাজানোর নীতি' (No-honking policy) নিয়ে লিখেছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি শেয়ার করে শিল্পপতি লেখেন, “আজ আমি সেই সম্মিলিত শৃঙ্খলার ফলাফলের প্রতিফলন দেখছি, যা এই নারী এত গর্বের সাথে তুলে ধরেছেন—তাঁর শহরের শান্ততা। আমাদের কোলাহলপূর্ণ মহানগরীগুলোতে নীরবতা এখন এক বিরল বিলাসিতায় পরিণত হয়েছে।” তিনি আরও যোগ করেন, পর্যটকেরা সাধারণত মনোরম প্রাকৃতিক দৃশ্য বা ঐতিহাসিক স্থাপত্যের খোঁজে ভ্রমণ করেন; কিন্তু বর্তমান পরিস্থিতিতে ‘নীরবতার খোঁজ’ (Quest for quiet) ভ্রমণের সবচেয়ে জোরালো কারণ হয়ে উঠতে পারে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা আইজলের নাগরিকদের প্রশংসায় ভাসিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, কেবল আইজল নয়, উত্তর-পূর্ব ভারতের আরও বেশ কিছু রাজ্যে রাস্তায় এই ধরনের শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখা যায়। উল্লেখ্য, ২০১৭ সালে আইজল ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে শহরে ‘নো-হংকিং’ নীতি চালু করা হয়। পাহাড়ি সরু রাস্তা হওয়া সত্ত্বেও চালকদের ওভারটেক না করার মানসিকতা, ট্রাফিক সিগন্যাল ছাড়াও নিজ দায়িত্বে লেন মেনে চলা এবং হর্ন বাজানো থেকে বিরত থাকার এই সংস্কৃতি আইজলকে ভারতের ‘সাইলেন্ট সিটি’ বা নীরব শহরের তকমা এনে দিয়েছে।




