নিউজ ডেস্ক: রাজস্থানে তীর্থযাত্রা সেরে বাড়ি ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা। খাতু শ্যাম মন্দির দর্শন করে মহারাষ্ট্রে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের গাড়ি। একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও।
জানা গিয়েছে, মৃতরা হলেন ৬২ বছরের সজ্জন, তাঁর স্ত্রী ৬০ বছরের ঊষা বাই, ৬২ বছরের সুশীলা, ৩৫ বছরের কৈলাস, তাঁর স্ত্রী ৩৪ বছরের অনিতা, ৭৫ বছরের বাবুলাল এবং ৩২ বছরের মাধবী। বাকিদের পরিচয় নিয়েও প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। একই পরিবারের এত জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। রবিবার গভীর রাতে রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় সড়কে শম্ভুপুরা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে মোট ১৬ জন ছিলেন। তাঁরা সকলেই মহারাষ্ট্রের ধুলে জেলার বাসিন্দা। খাতু শ্যাম মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন তাঁরা।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নান্তা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয় উদ্ধারকাজ। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে যাত্রীবোঝাই গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী। তাঁদের উদ্ধার করে দ্রুত কোটার নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহতরা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালাতে চালাতে চালকের চোখ লেগে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। অন্যদিকে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটির অবস্থান এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোটার অতিরিক্ত জেলাশাসক রাজেশ যোশী জানিয়েছেন, দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করাই এই মুহূর্তে প্রশাসনের প্রধান অগ্রাধিকার।
পাশাপাশি, ফলোদি জেলার দেচু থানা এলাকার ১২৫ নম্বর জাতীয় সড়কের মান্ডলা কালার কাছে দুর্ঘটনা ঘটে ৷ বাবা রামদেবের মন্দিরের দর্শন সেরে ফেরার পথে তীর্থযাত্রীদের একটি ট্রাভেলারের সঙ্গে উল্টো দিক থেকে আসা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় গুজরাতের একই পরিবারের তিনজন সদস্য প্রাণ হারিয়েছেন ৷ ১৫ জনেরও বেশি গুরুতর আহত ৷ এক্ষেত্রে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল, দু'টি গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় ৷ দুর্ঘটনার খবর পেয়ে দেচু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদের উদ্ধার করে ৷




