নিউজ ডেস্ক: একান্ত প্রয়োজন না থাকলে আপাতত একটি বছর সোনা কেনা থেকে বিরত থাকুন,গত মে মাসে দেশবাসীর কাছে এমনই আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষ তাঁর সেই ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন এবং এর ফলেই দেশের বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী। শনিবার লখনউয়ের গোমতী নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
নিজের এই আবেদনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী ১৯৬৫ সালের তীব্র খাদ্যসংকটের সময় প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর একবেলা উপবাস রাখার ঐতিহাসিক ডাকের কথা স্মরণ করেন। মোদী বলেন, সেদিন শাস্ত্রীজির কথায় গোটা দেশ সাড়া দিয়েছিল, আজও ভারতের মানুষের সেই একই চরিত্র অটুট রয়েছে। তাঁর কথায়, “আমার মতো একজন সাধারণ মানুষ দেশবাসীকে সোনা কম কেনার অনুরোধ জানিয়েছিলেন, আর মানুষ তা শুনেছেন। এর ফলে সোনার দাম কমেছে। আজ মানুষ আমাকে বলছেন, 'মোদীজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছি এবং আমাদের টাকা বেঁচে গিয়েছে'।”
তথ্য বলছে, প্রধানমন্ত্রীর আবেদনের পর থেকেই সোনার দরে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। 'গুডরিটার্নস'-এর তথ্য অনুযায়ী, মোদীর আবেদনের ঠিক একদিন আগে অর্থাৎ গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রামে ১৫,২৫০ টাকা। বর্তমানে সেই দাম কমে দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১২,৫২৩ টাকায়।
উল্লেখ্য, গত মে মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডারে প্রবল চাপ সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতিতে হায়দরাবাদের এক জনসভা থেকে জাতীয় স্বার্থে এক বছর সোনা না কেনার সংকল্প নেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সাত দফা আবেদনের মধ্যে তিনি জ্বালানির ব্যবহার কমানো, 'ওয়ার্ক ফ্রম হোম' বা বাড়ি থেকে কাজ করার সংস্কৃতি ফিরিয়ে আনা এবং বিদেশ ভ্রমণ কমানোর পরামর্শও দিয়েছিলেন। পরবর্তীতে সেপ্টেম্বর মাসেও তিনি একইভাবে অপ্রয়োজনীয় সোনা কেনা এড়িয়ে চলার কথা বলেন। পাশাপাশি, মে মাসে কেন্দ্র সোনা ও রুপোর ওপর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করায় গয়না প্রস্তুতকারক সংস্থাগুলির শেয়ারেও ধস নেমেছিল।
সরকারি ও আন্তর্জাতিক পরিসংখ্যানও ইঙ্গিত দিচ্ছে যে, দেশে সোনার চাহিদা সত্যিই কমেছে। সরকারি তথ্য অনুসারে, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে দেশে সরকারিভাবে সোনা আমদানি প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছর এই একই সময়ে যেখানে ৪১.২৪ বিলিয়ন ডলারের সোনা আমদানি হয়েছিল, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ২৪.৭৮ বিলিয়ন ডলারে। অন্যদিকে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে সোনার চাহিদা গত বছরের তুলনায় ২৯ শতাংশ কমে ১৬২ টনে নেমে এসেছে এবং গয়নার চাহিদাও ২০ শতাংশ হ্রাস পেয়ে প্রায় ১০০ টনে দাঁড়িয়েছে।




