নিউজ ডেস্ক: দিঘা মানেই সমুদ্র, সৈকত আর ছুটির আনন্দ। হাতে দু’দিনের ছুটি পেলেই বহু বাঙালি পরিবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন দিঘা কিংবা মন্দারমণির উদ্দেশে। এবার সেই পরিচিত পর্যটনকেন্দ্রগুলিকেই আরও আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। দিঘায় চিড়িয়াখানা ও স্নেক পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মন্দারমণিতে তৈরি হতে চলেছে নতুন বাস ডিপো। পর্যটকদের বিনোদনের জন্য একাধিক পার্ক তৈরির পরিকল্পনাও রয়েছে। প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পূর্ব মেদিনীপুরের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সপ্তম বোর্ড মিটিংয়ে এই সমস্ত প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। বৈঠক শেষে জেলাশাসক জানান, দিঘা ও মন্দারমণির পর্যটন পরিকাঠামোকে আরও উন্নত করার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
দিঘায় নতুন আকর্ষণ চিড়িয়াখানা ও স্নেক পার্ক
এতদিন দিঘায় বেড়াতে গেলে পর্যটকদের মূল আকর্ষণ ছিল সমুদ্রসৈকত, জগন্নাথ মন্দির এবং আশপাশের দর্শনীয় স্থানগুলি। এবার সেই তালিকায় নতুন সংযোজন হতে পারে চিড়িয়াখানা ও স্নেক পার্ক। এর পাশাপাশি পর্যটকদের সময় কাটানোর জন্য একাধিক নতুন পার্ক তৈরির পরিকল্পনাও রয়েছে। পর্ষদের নিজস্ব জমিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এই প্রকল্পগুলি বাস্তবায়নের ভাবনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে পরামর্শদাতা নিয়োগের প্রক্রিয়াও শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্দারমণিতে তৈরি হবে বাস ডিপো
শুধু দিঘা নয়, মন্দারমণির যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে সেখানে নতুন বাস ডিপো তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন রাস্তা নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।
উপকূল রক্ষা ও সৌন্দর্যায়নেও জোর
পর্যটন পরিকাঠামোর পাশাপাশি উপকূলভাঙন রোধ এবং সৈকত এলাকার সৌন্দর্যায়নেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই পূর্ত, বন, পরিবহণ ও পর্যটন দফতরের আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেছেন।
সব মিলিয়ে দিঘা ও মন্দারমণিকে আরও আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে প্রশাসন। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পর্যটকদের আকর্ষণ বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে কবে থেকে এই প্রকল্পগুলির নির্মাণকাজ শুরু হবে, এখন সেদিকেই নজর পর্যটন মহলের।




