নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চিন। শুধু তাই নয়, বেজিংয়ের এই ভূমিকার কারণে ভারতের সামরিক পরিকল্পনাও জটিল হয়ে পড়েছিল। ভারতীয় সেনার একাংশকে একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছিল। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে মার্কিন কংগ্রেসের একটি কমিশনের সাম্প্রতিক রিপোর্টে। রিপোর্টে বলা হয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও পাকিস্তানকে শক্তিশালী করে ভারতের উপর কৌশলগত চাপ তৈরি করেছিল চিন। বেজিংয়ের এই পদক্ষেপের পিছনে মূল উদ্দেশ্য, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান প্রভাব ও শক্তিকে সীমিত রাখা।
কী বলছে মার্কিন কমিশনের রিপোর্ট?
US-China Economic and Security Review Commission (USCC)-এর ২০২৬ সালের বার্ষিক রিপোর্টে ভারত-চিন সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 'China's Other Front: India and the Future of US Strategy in the Indo-Pacific' শীর্ষক এই রিপোর্টে বলা হয়েছে, চিন এখন সামরিক, অর্থনৈতিক এবং সামুদ্রিক—তিনটি ক্ষেত্রেই ভারতকে চাপে রাখার কৌশল নিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত চিনের এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে সামরিক সহায়তা দিয়ে ভারতের উপর চাপ বাড়িয়েছিল বেজিং। এর ফলে ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনও সংঘাত তৈরি হলে চিনও পরোক্ষভাবে তাতে জড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা আরও জোরালো হয়েছে।
পাকিস্তানকে কীভাবে সাহায্য করেছিল চিন?
মার্কিন কমিশনের রিপোর্টে বলা হয়েছে, সংঘাতের সময় পাকিস্তান চিনের কাছ থেকে পাওয়া অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করেছিল। পাশাপাশি চিনা প্রযুক্তিগত সহায়তাও পেয়েছিল ইসলামাবাদ। ২০২৬ সালের মে মাসে চিনের সরকারি সংবাদমাধ্যম CCTV-তে দেওয়া এক সাক্ষাৎকারে AVIC-এর Chengdu Aircraft Design and Research Institute-এর ইঞ্জিনিয়ার ঝাং হেং স্বীকার করেন, ২০২৫ সালের সংঘাতের সময় তিনি এবং তাঁর কয়েকজন সহকর্মী পাকিস্তানের বিমানঘাঁটিতে উপস্থিত থেকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন। এ ছাড়া সংঘাতের সময় চিন পাকিস্তানকে রিয়েল-টাইম স্যাটেলাইট ছবি এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল কি না, তা নিয়েও ভারতীয় সামরিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। যদিও এই ধরনের গোয়েন্দা সহায়তার বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
দুই দিক থেকে যুদ্ধের আশঙ্কা
মার্কিন কমিশনের অন্যতম উদ্বেগ, চিন-পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা ভারতের সামনে দুই দিক থেকে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে। একদিকে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত, অন্যদিকে লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত চিনের সঙ্গে বিতর্কিত সীমান্ত। ফলে একই সময়ে দুই সীমান্তে সামরিক পরিস্থিতি উত্তপ্ত হলে ভারতের উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে পাকিস্তানের অস্ত্র আমদানির ৮১ শতাংশ এসেছে চিন থেকে। অর্থাৎ পাকিস্তানের সামরিক আধুনিকীকরণে বেজিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুধু অস্ত্র নয়, অর্থনৈতিক চাপও চিনের হাতিয়ার
মার্কিন কমিশনের মতে, ভারতের উত্থান রুখতে চিনের সবচেয়ে কার্যকর হাতিয়ার অর্থনৈতিক নির্ভরতা। গুরুত্বপূর্ণ শিল্পের কাঁচামাল, প্রযুক্তি, যন্ত্রাংশ এবং বিশেষজ্ঞদের উপর চিনের নিয়ন্ত্রণ রয়েছে। এই নির্ভরতাকে কাজে লাগিয়ে ভারতীয় শিল্পের বিকাশে বাধা তৈরির চেষ্টা করছে বেজিং।
রিপোর্টে অভিযোগ করা হয়েছে, চিন গুরুত্বপূর্ণ শিল্প উপকরণের রফতানি নিয়ন্ত্রণ করেছে, ভারতীয় ইলেকট্রনিক্স উৎপাদন ক্ষেত্রে যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সহায়তা ব্যাহত করেছে এবং ভারতীয় ওষুধ শিল্পের নতুন উৎপাদকদের সঙ্গে প্রতিযোগিতায় দাম কমানোর কৌশল নিয়েছে। ব্যাটারি প্রযুক্তি ও পরিচ্ছন্ন জ্বালানি ক্ষেত্রেও চিনের রফতানি নিয়ন্ত্রণ ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ভারত-আমেরিকা সামরিক সহযোগিতা বাড়ানোর পরামর্শ
এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা আরও বাড়ানোর সুপারিশ করেছে মার্কিন কমিশন। বিশেষ করে ভারত মহাসাগরে চিনের নৌবাহিনী ও সাবমেরিনের গতিবিধির উপর নজরদারি জোরদার করতে চায় তারা। রিপোর্টে বলা হয়েছে, শুধু যৌথ সামরিক মহড়ার মধ্যে সহযোগিতা সীমাবদ্ধ না রেখে গোয়েন্দা তথ্য আদানপ্রদান, সামুদ্রিক নজরদারি, সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণ এবং যৌথভাবে নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তবে ভারতের বিদেশনীতি যে সম্পূর্ণভাবে আমেরিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এমনটা মনে করে না কমিশন। ভারতের নিজস্ব কৌশলগত স্বায়ত্তশাসন বা Strategic Autonomy বজায় রাখার বিষয়টিও রিপোর্টে স্বীকার করা হয়েছে।
সব মিলিয়ে অপারেশন সিঁদুরের অভিজ্ঞতাকে সামনে রেখে মার্কিন কমিশনের এই রিপোর্ট দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করল। পাকিস্তানের সঙ্গে চিনের সামরিক সহযোগিতা যে ভারতের জন্য শুধু সীমান্ত সমস্যা নয়, বরং বৃহত্তর কৌশলগত চ্যালেঞ্জ—সেই বিষয়টিই স্পষ্ট করে দিয়েছে রিপোর্টটি।




