ওয়াশিংটন: আমেরিকায় গৃহহীনদের জন্য বরাদ্দ বিপুল অর্থের ব্যবহার নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আইনি সংঘাত। স্থায়ী আবাসনের জন্য বরাদ্দ ১.৩ বিলিয়ন ডলার অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও অন্যান্য পরিষেবার খাতে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল মার্কিন ফেডারেল আদালত। বিচারকের পর্যবেক্ষণ, কংগ্রেসের অনুমোদিত নিয়মকে পাশ কাটিয়ে প্রায় ৪ বিলিয়ন ডলারের গৃহহীন-সহায়তা প্রকল্পের অনুদান বণ্টনের শর্ত বদলানোর ক্ষমতা নেই প্রশাসনের। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন রোড আইল্যান্ডের ফেডারেল বিচারক মেরি ম্যাকএলরয়। একই সঙ্গে নতুন করে অনুদানের আবেদন সংশোধন ও জমা দেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
মামলার কেন্দ্রে রয়েছে মার্কিন আবাসন ও নগরোন্নয়ন দফতর (হাড)-এর ‘কন্টিনিউম অব কেয়ার’ কর্মসূচি। ১৯৮৭ সাল থেকে চালু এই প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষদের আবাসন ও প্রয়োজনীয় পরিষেবা দিতে রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। বিশেষত প্রবীণ সেনাকর্মী, পরিবার, প্রতিবন্ধী ব্যক্তি এবং আশ্রয়হীন মানুষেরা এই প্রকল্পের সুবিধা পান।
এত দিন এই প্রকল্পের মূল ভিত্তি ছিল ‘হাউজিং ফার্স্ট’ নীতি। অর্থাৎ, গৃহহীন মানুষকে প্রথমে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। তার পরে প্রয়োজন অনুযায়ী তাঁদের চিকিৎসা, মানসিক স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থানের প্রশিক্ষণ, শিশুদের দেখভাল এবং অন্যান্য সহায়তা দেওয়া হবে। স্থায়ী আবাসন পাওয়ার আগে কাউকে নেশামুক্ত হওয়া বা চাকরি পাওয়ার মতো শর্ত পূরণ করতে হবে না—এই নীতিই ছিল প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য।
কিন্তু ট্রাম্প প্রশাসন এই পদ্ধতির সমালোচনা করে আসছে। তাদের বক্তব্য, শুধু স্থায়ী আবাসনের ব্যবস্থা করলেই গৃহহীন সমস্যার সমাধান হয় না। বরং অস্থায়ী আবাসন, পুনর্বাসন এবং কর্মসংস্থান ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবার উপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই লক্ষ্যেই ২০২৬ অর্থবর্ষে কংগ্রেসের অনুমোদিত ৪ বিলিয়ন ডলারেরও বেশি অর্থের মধ্যে ১.৩ বিলিয়ন ডলার অস্থায়ী আবাসন এবং শুধুমাত্র পরিষেবা দেওয়ার প্রকল্পগুলির জন্য আলাদা করে রাখার সিদ্ধান্ত নেয় হাড।
এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় ২২টি রাজ্য, কলম্বিয়া জেলা এবং গৃহহীন ও আবাসন নিয়ে কাজ করা একাধিক সংগঠন। তাদের অভিযোগ, নতুন নিয়মের ফলে স্থায়ী আবাসন প্রকল্পগুলি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। দীর্ঘদিন ধরে চলা আবাসন প্রকল্পগুলির অর্থ পাওয়ার সুযোগও কমে যাবে। ফলে বহু মানুষ, যাঁরা ইতিমধ্যেই স্থায়ী আবাসনে রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।
বিচারক ম্যাকএলরয় তাঁর রায়ে জানিয়েছেন, অনুদান বণ্টনের জন্য নতুন কিছু শর্ত নির্ধারণের ক্ষমতা প্রশাসনের থাকলেও কংগ্রেস যে বিষয়গুলিকে বাধ্যতামূলক করেছে, সেগুলি উপেক্ষা করার অধিকার হাডের নেই। পুরনো প্রকল্পের কার্যকারিতা, কতটা সফল ভাবে মানুষকে স্থায়ী আবাসনে পৌঁছে দেওয়া যাচ্ছে—এই বিষয়গুলি মূল্যায়ন না করে নির্দিষ্ট ধরনের প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া আইনসঙ্গত নয়।
আদালত শুধু ১.৩ বিলিয়ন ডলারের বরাদ্দ সংক্রান্ত সিদ্ধান্তই খারিজ করেনি। মাদকাসক্ত ব্যক্তিদের জন্য কাজ করা সংস্থাগুলির উপর কিছু বিধিনিষেধ এবং যে আবেদনকারীরা প্রশাসনের নির্ধারিত ‘স্বনির্ভরতা’ সংক্রান্ত মানদণ্ড পূরণ করছে না বলে বিবেচিত হবে, তাদের অনুদান থেকে বাদ দেওয়ার ব্যবস্থাও বাতিল করেছে। বিচারকের নির্দেশ, আবেদনকারীরা ১ ডিসেম্বর পর্যন্ত নিজেদের আবেদন সংশোধন করে ফের জমা দিতে পারবেন। ৩১ ডিসেম্বরের মধ্যে অনুদান বণ্টনের কাজ শেষ করতে হবে হাডকে।
আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে গৃহহীনদের আবাসন নিয়ে কাজ করা সংগঠনগুলি। তাদের মতে, স্থায়ী আবাসনের ব্যবস্থা করাকে অগ্রাধিকার দেওয়ার জন্য কোনও প্রকল্পকে শাস্তি দেওয়া উচিত নয়। অন্য দিকে, হাডের সচিব স্কট টার্নার এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, অনুদান দেওয়ার মাত্র কয়েক দিন আগে আদালতের নির্দেশে প্রায় ৪ বিলিয়ন ডলারের অর্থ বণ্টন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আবেদন করার অধিকারও সংরক্ষণ করছে।
উল্লেখ্য, এর আগেও ট্রাম্প প্রশাসনের এই নীতি পরিবর্তনের উদ্যোগ আদালতে বাধার মুখে পড়েছিল। তবে সেপ্টেম্বরে একটি ফেডারেল আপিল আদালত সেই নিষেধাজ্ঞা স্থগিত করে প্রশাসনকে পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল। তার পর নতুন আইনি যুক্তিতে ফের মামলা করে রাজ্যগুলি ও সংশ্লিষ্ট সংগঠনগুলি। শুক্রবারের রায় সেই নতুন মামলারই ফল।
আমেরিকায় গৃহহীন মানুষের সমস্যা মোকাবিলায় স্থায়ী আবাসন বেশি কার্যকর, নাকি অস্থায়ী আশ্রয় ও পুনর্বাসন পরিষেবায় বেশি জোর দেওয়া উচিত—এই বিতর্কই এখন আদালত ও প্রশাসনের সংঘাতের কেন্দ্রে। তবে আপাতত আদালতের নির্দেশে স্থায়ী আবাসন প্রকল্পগুলির জন্য বরাদ্দ অর্থ সরিয়ে নেওয়ার পরিকল্পনা আটকে গেল।




