দিল্লিতে জন্ম, ক্রিকেটের টানে পাড়ি অস্ট্রেলিয়ায়। আর সেই অস্ট্রেলিয়ার জার্সিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়লেন নিখিল চৌধুরী। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৬৬ রান করার পাশাপাশি বল হাতে তুলে নিলেন দু’টি উইকেট। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সেই ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা পুরস্কারও উঠল দিল্লিতে জন্মানো এই ক্রিকেটারের হাতে। তবে এই সাফল্যের আনন্দ ছিল আরও বিশেষ, কারণ গ্যালারিতে তখন উপস্থিত ছিলেন তাঁর বাবা-মা।
২৯ বছরের নিখিলকে প্রথমবার মাঠে বসে খেলতে দেখতে ভারত থেকে মেলবোর্নে এসেছিলেন তাঁর বাবা-মা। আর তাঁদের সামনেই জীবনের অন্যতম স্মরণীয় ইনিংস খেললেন তিনি। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিং যখন চাপে, তখন দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নিখিল। মাত্র ৩৮ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংসে ছিল ছ’টি চার ও দু’টি ছক্কা। তাঁর ব্যাটেই মেলবোর্নের মাঠে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল অস্ট্রেলিয়া।
ম্যাচের সেরা হওয়ার পর নিখিল জানান, অস্ট্রেলিয়ার হয়ে মেলবোর্নে এমন পুরস্কার জেতার কথা কখনও কল্পনাও করেননি। তাঁর বাবা-মা আগের রাতেই ভারত থেকে এসেছেন। তাঁদের সামনে প্রথমবার খেলা এবং সেই ম্যাচেই সেরা হওয়া তাঁর কাছে বিশেষ প্রাপ্তি।
শুধু ব্যাটিং নয়, বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নিখিল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ১৮৭ রান। অধিনায়ক হ্যারি ব্রুক মাত্র ২৮ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। টম ব্যান্টনের সঙ্গে তাঁর ৯৭ রানের জুটি ইংল্যান্ডকে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছিল। সেই সময় ব্রুককে ফিরিয়ে জুটি ভাঙেন নিখিল। পরে ৩৯ রান করা ব্যান্টনকেও সাজঘরে ফেরান তিনি। চার ওভারে মাত্র ২১ রান দিয়ে দু’টি উইকেট তুলে নেন এই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার।
জয়ের পথে অস্ট্রেলিয়াও একসময় চাপে পড়েছিল। নিখিল আউট হওয়ার পর শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২০ রান। সেই পরিস্থিতিতে জ্যাক এডওয়ার্ডসের অপরাজিত ২৫ রানের ইনিংসে ১৯.৫ ওভারে ১৯১ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৪ নভেম্বর কুইন্সল্যান্ডের কারারা ওভালে। এবার ঘুরে দাঁড়ানোর লড়াই ইংল্যান্ডের।




