সিরিশ কাগজ কাণ্ডের পুরনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিতেই তার প্রভাব পড়ল অস্ট্রেলিয়ার ক্রিকেটে। এ বার তার আঁচ এসে লাগল উসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নারের উপরেও। আপাতত ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন ওপেনারকে। বিতর্কের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের সম্প্রচারে ফেরানো হচ্ছে না।
শনিবার ফক্স স্পোর্টসের মুখ্য কর্তা স্টিভ ক্রলি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘‘সাম্প্রতিক ঘটনার জেরে আগামী কয়েক সপ্তাহের জন্য উসমান এবং ডেভিডকে আমাদের সম্প্রচার থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে। আমরা সব সময় আমাদের ধারাভাষ্যকারদের পাশে থাকি। ক্রিকেটের গ্রীষ্মকালীন মরসুমে মতামতের বৈচিত্রকেও স্বাগত জানাই। তবে সাম্প্রতিক প্রতিটি মন্তব্যের জবাব দিতে গিয়ে ওঁদের যে চাপের মধ্যে পড়তে হচ্ছে, সেটাও আমরা বুঝতে পারছি।’’ ক্রলি আরও বলেন, ‘‘পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে ক্রিকেটে মনোযোগ দেওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছে। দুই ধারাভাষ্যকারকে এই অবস্থায় ফেলে দেওয়া অন্যায় বলে মনে করছি আমরা। অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ক্রিকেটের সেরা সম্প্রচার করাই আমাদের লক্ষ্য। পরিস্থিতির উপর নজর রাখা হবে।’’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে খোয়াজার আত্মজীবনী ‘সাবর’ প্রকাশ্যে আসার পর। সেখানে তিনি দাবি করেছেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে শুধু ক্যামেরন ব্যানক্রফট, স্টিভ স্মিথ এবং ওয়ার্নারই জানতেন, এমনটা নয়। দলের আরও অনেকের বিষয়টি জানা ছিল। ব্যানক্রফটও সম্প্রতি দাবি করেছেন, দলের একাধিক ক্রিকেটার এই পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন। এমনকি বলের অবস্থা নিয়ে বোলারদের মধ্যেও আলোচনা হয়েছিল।
এই বিতর্কে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের নাম জড়িয়েছে। যদিও তিনি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। গোটা দল বল বিকৃতির পরিকল্পনা জানত, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন কামিন্স।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া সর্বসম্মত ভাবে কামিন্সের নেতৃত্বের উপর আস্থা রেখেছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তিনিই। কামিন্সও জানিয়েছেন, নেতৃত্ব ছাড়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফদের বক্তব্য শোনার জন্য যে স্বাধীন ফোরাম তৈরি করা হচ্ছে, সেখানেও উপস্থিত থাকবেন তিনি। কামিন্সের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ জশ হেজলউডও। এমনকি কামিন্সকে নেতৃত্ব থেকে সরানো হলে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেট না খেলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।




