নিউজ ডেস্ক: বয়স সত্তরের কোঠায়। ৯১ বছরের মায়ের দেখাশোনার দায়িত্ব সামলাতেই দিনের বেশির ভাগ সময় কেটে যায়। সেই ব্যস্ততার মধ্যে অপরিচিত নম্বর থেকে একের পর এক ফোন এলেও ধরার প্রয়োজন মনে করেননি অস্ট্রেলিয়ার এক বৃদ্ধ। প্রায় দু’সপ্তাহ ধরে এ ভাবেই এড়িয়ে গিয়েছিলেন ফোন। শেষ পর্যন্ত যখন ফোন ধরলেন, তখন জানতে পারলেন, লটারিতে জিতেছেন ৬ লক্ষ ৫২ হাজার ৭১৪ অস্ট্রেলীয় ডলার! ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি টাকা।
পশ্চিম অস্ট্রেলিয়ার বাসেলটনের বাসিন্দা ওই বৃদ্ধের জীবনে এই ঘটনা কার্যত স্বপ্নের মতো। গত ২২ অগস্ট অনুষ্ঠিত স্যাটারডে লটো-র ড্রয়ে ভাগ্য খুলেছিল তাঁর। অনলাইনে মাত্র ৬.৬০ ডলার খরচ করে সিস্টেম সেভেন টিকিট কিনেছিলেন তিনি। নিজের পরিবারের সদস্যদের জন্মদিনের সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছিলেন লটারির নম্বরগুলি। সেই টিকিটেই মেলে বিপুল পুরস্কার।
কিন্তু পুরস্কার জেতার খবরও প্রথমে তাঁর কাছে পৌঁছতে পারেনি। লটারির আয়োজক সংস্থা লটারিওয়েস্টের তরফে বারবার ফোন করা হলেও অপরিচিত নম্বর ভেবে এড়িয়ে গিয়েছিলেন তিনি। পরে ফোন ধরলেও কী কারণে যোগাযোগ করা হচ্ছে, তা বুঝতে পারেননি। মায়ের দেখাশোনার ব্যস্ততায় ফোন ফের করার কথাও ভুলে যান। শেষ পর্যন্ত সংস্থার তরফে আবার যোগাযোগ করা হলে জানতে পারেন নিজের ভাগ্য বদলের খবর।
বৃদ্ধের কাছে প্রথম সুখবর পেয়েছেন তাঁর ৯১ বছরের মা। আপাতত মাকে নিয়ে চিনা খাবার খেয়ে এই আনন্দ উদ্যাপনের পরিকল্পনা করেছেন তিনি। তবে সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে পরিবারের বাকি সদস্যদের জন্য। পাঁচ প্রজন্মের আত্মীয়দের নিয়ে পরবর্তী পারিবারিক জমায়েতে সবাইকে এই জয়ের খবর জানাতে চান তিনি।
লটারিওয়েস্টের মুখপাত্র জেনি ফিটজহার্ডিঙ্গে জানিয়েছেন, জন্মদিন বা পরিবারের বিশেষ তারিখের সঙ্গে মিলিয়ে নম্বর বেছে নেওয়া বহু লটারি খেলোয়াড়ের অভ্যাস। এই কারণেই কম সংখ্যার নম্বর অনেক সময় বিজয়ী তালিকায় বেশি দেখা যায়।
মায়ের সেবায় ব্যস্ত থাকায় যে ফোন ধরতে চাননি, সেই ফোনই শেষ পর্যন্ত তাঁর জীবনের অন্যতম বড় সুখবর নিয়ে এল।




