কলকাতা: ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কেআইএফএফ (KIFF) ভারতীয় ভাষার প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে পরিচালক ইন্দ্রাশিস আচার্যের নতুন ছবি ‘গাজনের ধুলোবালি’ (Dust and Pebbles)। প্রমোদ ফিল্মসের ব্যানারে প্রতীক চক্রবর্তীর প্রযোজনায় এবং ওয়েট গ্রাস ফিল্মসের সহযোগিতায় নির্মিত এই ছবিটি বাংলার স্বাধীন ধারার সিনেমার শক্তিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
গ্রামের উন্নয়নের প্রতিশ্রুতি একদিকে যেমন আশার আলো দেখায়, অন্যদিকে তেমনই দীর্ঘদিনের ক্ষমতার ভারসাম্যকে নাড়িয়ে দেয়। এই প্রেক্ষাপটেই আবর্তিত হয়েছে ‘গাজনের ধুলোবালি’-র গল্প। ছবির কাহিনি শুরু হয় এক সাংবাদিককে কেন্দ্র করে, যিনি একটি প্রত্যন্ত গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ নথিভুক্ত করতে সেখানে পৌঁছান। প্রথমে যিনি এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন তাঁর প্রতি সহানুভূতিশীল থাকলেও, রাজনৈতিক প্রভাবে ওই সাংবাদিক ধীরে ধীরে তাঁর বিরুদ্ধে চলে যান এবং একসময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। সাংবাদিকের এই অন্তর্ধানের পর তাঁর স্ত্রী অমৃতা এবং যাত্রার শুরুতে তাঁর সঙ্গী হওয়া শ্রীতমা সত্যের সন্ধানে নামেন। গ্রামের বদলে যাওয়া বাস্তবতার মুখোমুখি হয়ে তাঁরা জড়িয়ে পড়েন রাজনৈতিক ষড়যন্ত্র, ক্ষমতার লোভ এবং ব্যক্তিগত স্বার্থের এক অন্ধকার জালে।
ছবিটিতে একঝাঁক শক্তিশালী অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ঋত্বিক চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লোকনাথ দে, শ্রেয়া সিনহা, দীপক হালদার, অপূর্ব বার এবং শুভঙ্কর মহন্ত। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন শুভদীপ দে, সম্পাদনায় লুব্ধক চট্টোপাধ্যায় এবং শব্দ পরিকল্পনা ও মিক্সিং করেছেন শুভরুণ সেনগুপ্ত ও শ্রীজিৎ গুপ্ত। ছবিটি প্রসঙ্গে পরিচালক ইন্দ্রাশিস আচার্য জানান, এই ছবি নির্মাণ তাঁর কাছে যেমন বিশ্বাসের যাত্রা ছিল, তেমনই ছিল বড় চ্যালেঞ্জ। প্রত্যন্ত গ্রামে শুটিং করে সেখানকার মানুষ ও পরিবেশের স্বাভাবিক রুক্ষতা ধরে রাখার চেষ্টা করেছেন তিনি। পরিচালকের মতে, তিনি এমন এক গ্রামের আবহ তৈরি করতে চেয়েছিলেন যেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত দারিদ্র্য, ক্ষমতা, স্থানীয় রাজনীতি এবং উন্নয়নের মোড়কে লুকিয়ে থাকা লোভের সাথে লড়াই করে। অতিরিক্ত নাটকীয়তা বা প্রচলিত সিনেম্যাটিক চাকচিক্য এড়িয়ে বাস্তবকে সরাসরি তুলে ধরাই ছিল তাঁর মূল লক্ষ্য।
উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাথে ইন্দ্রাশিস আচার্যের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর আগের দুটি প্রশংসিত ছবি ‘পিউপা’ এবং ‘পার্সেল’-এর উৎসব যাত্রাও শুরু হয়েছিল এই কিফ থেকেই। ‘পার্সেল’ ছবির জন্য তিনি এই উৎসবে সেরা ভারতীয় পরিচালকের ‘বেঙ্গল টাইগার’ পুরস্কারও জিতেছিলেন। এবার ‘গাজনের ধুলোবালি’-র নির্বাচন তাঁর চলচ্চিত্র জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ পালক যোগ করল।




