নিউজ ডেস্ক: রাতের নিস্তব্ধতা ভেঙে চা বাগানের ভিতরে চলছিল একটি পিকআপ ভ্যানের আনাগোনা। বাইরে থেকে দেখলে অস্বাভাবিক কিছু চোখে পড়ার কথা নয়। কিন্তু গাড়িটির গতিবিধি দেখে সন্দেহ দানা বাঁধে কয়েকজনের মনে। এরপরই শুরু হয় নজরদারি। শেষ পর্যন্ত গাড়িটি আটকাতেই সামনে আসে এমন কিছু সামগ্রী, যা ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। কোথা থেকে এলো এই সামগ্রি? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলি? এর পিছনে কারা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানে।
চা শ্রমিকদের প্রাপ্য রেশন সামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানে। রাতের অন্ধকারে পিকআপ ভ্যান বোঝাই করে রেশন সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে শ্রমিকদের তৎপরতায় শেষ পর্যন্ত আটক হয় সেই পিকআপ ভ্যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। রবিবার তদন্তে নামেন খাদ্য দপ্তরের আধিকারিকরাও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাগানের ভিতরে একটি পিকআপ ভ্যানের গতিবিধি দেখে সন্দেহ হয় কয়েকজন চা শ্রমিকের। এরপর তাঁরা ভ্যানটির পিছু ধাওয়া করে সেটিকে আটক করেন। ভ্যানের উপরে ঢাকা পলিথিন সরাতেই চক্ষু চড়ক গাছ সকলের। অভিযোগ ভিতরে থরে থরে সাজানো ছিল রেশনের সামগ্রী। শ্রমিকদের অভিযোগ, তাঁদের জন্য বরাদ্দ রেশন সামগ্রীই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনাটি জানাজানি হতেই বাগান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ আসে এবং সামগ্রী সহ গাড়িটি থানায় নিয়ে যায়। শ্রমিকদের তরফে রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় । তাঁদের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে রেশন সামগ্রী সরানোর পিছনে কারা রয়েছে, তা প্রকাশ্যে আনতে হবে। এদিকে রবিবার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। তাঁদের বক্তব্য, তদন্তে কোনও অনিয়ম বা দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে গোটা ঘটনায় নতুন করে রহস্য তৈরি করেছে বাগানের রেশন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি। তাঁদের বক্তব্য, আটক পিকআপ ভ্যানে থাকা রেশন সামগ্রী তাঁদের নয়। ফলে আরও জটিল হয়েছে গোটা বিষয়টি। যদি এই রেশন তাঁদের না হয়, তাহলে কারা কোথা থেকে ওই সামগ্রী নিয়ে যাচ্ছিলেন? চা শ্রমিকদের বরাদ্দ রেশনের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
সব মিলিয়ে করলা ভ্যালি চা বাগানে রেশন সামগ্রী ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ ও খাদ্য দপ্তর। এখন তদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে, রাতের অন্ধকারে ঠিক কি কারনে ওই রেশন সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘটনার নেপথ্যে কারা রয়েছেন।




