নিউজ ডেস্ক: মহাপ্রভুর দর্শন করতে যাওয়ার ইচ্ছে থাকলেও অনেক সময় দূরত্ব আর যাতায়াতের ঝুঁকির কারণে পরিকল্পনা পিছিয়ে দিতে হয় ভক্তদের। বিশেষ করে উত্তরবঙ্গের বাসিন্দাদের কাছে নবদ্বীপের মায়াপুরে পৌঁছানো এতদিন ছিল বেশ সময় সাপেক্ষ। একাধিক যানবাহন বদলে গন্তব্যে পৌঁছতে হতো অনেককে। ফলে দীর্ঘদিন ধরেই সরাসরি যাতায়াতের একটি সহজ ব্যবস্থার দাবি জানিয়ে আসছিল ভক্ত ও সাধারণ মানুষ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ধর্মীয় পর্যটনের যোগাযোগ আরও মজবুত করতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্যের পরিবহন দফতর।
রবিবার শিলিগুড়ি থেকে সরাসরি নবদ্বীপের মায়াপুর ইসকন মন্দির পর্যন্ত সরকারি বাস পরিষেবা সূচনা হলো। শিলিগুড়ির ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ইসকন মন্দিরের প্রতিনিধি কৃষ্ণদাস-সহ অন্যান্যরা।
উদ্বোধনের পর থেকে এই বাস পরিষেবার চালুর কথা বলা হয়েছে। শিলিগুড়ির ইসকন মন্দির থেকে বাসটি সরাসরি মায়াপুরের ইসকন মন্দির পর্যন্ত যাতায়াত করবে। ফলে এবার আর মাঝ পথে বারবার যানবাহন পরিবর্তন করার প্রয়োজন পড়বে না যাত্রীদের। বিশেষ করে যারা পরিবার-পরিজন নিয়ে মায়াপুরে যাওয়ার পরিকল্পনা করেন, তাঁদের জন্য এই পরিষেবা যথেষ্ট সুবিধাজনক হতে চলেছে।
উল্লেখ্য, মায়াপুর শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, দেশ বিদেশের অসংখ্য মানুষের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। শ্রীচৈতন্য প্রভুর জন্মভূমি নবদ্বীপের এই পবিত্র ভূমিতে সারা বছরই ভক্ত ও পর্যটকদের আনাগোনা লেগে থাকে। ইসকন মন্দিরকে কেন্দ্র করে বহু মানুষ সেখানে ভিড় জমান। উত্তরবঙ্গ থেকে বহু ভক্ত নিয়মিত মায়াপুরে যান। কিন্তু সরাসরি বাস পরিষেবা না থাকায়, তাঁদের দীর্ঘদিন ধরেই নানা সমস্যার মুখে পড়তে হতো।
এবার সেই সমস্যার অনেকটাই সমাধান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সরকারি এই উদ্যোগে এক দিকে যেমন শিলিগুড়ির ভক্তদের ধর্মীয় যাত্রা সহজ হবে অন্যদিকে, মায়াপুরের পর্যটন ও তীর্থযাত্রার ক্ষেত্রেও উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বাড়বে। শুধু ইসকন ভক্তরাই নন, মায়াপুরের ঐতিহাসিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিবেশ করে দেখতে আগ্রহী সাধারণ পর্যটকেরাও এই পরিষেবার সুবিধা নিতে পারবেন। দীর্ঘদিনের দাবির পরে এই পরিষেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি শহরবাসী ও ইসকন ভক্তরা। এবার এই নতুন বাস পরিষেবা কতটা জনপ্রিয় হয়ে ওঠে, সেদিকেই নজরে থাকবে।




