নিউজ ডেস্ক: অকালবৃষ্টির জেরে রাজ্যের কৃষিক্ষেত্রে বড়সড় ক্ষতির আশঙ্কা। একদিকে জমিতে পাকা আমন ধান নষ্ট হওয়ার ভয়, অন্যদিকে শীতকালীন সবজি ও আলু চাষ নিয়েও চিন্তায় কৃষকরা। এর প্রভাব পড়তে পারে বাজারেও। বাড়তে পারে বিভিন্ন সবজির দাম। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বেশি করে আলু খাওয়ার পরামর্শ দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের বক্তব্য, “বৃষ্টির কারণে জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়-বৃষ্টিতে ধানের ক্ষতি হচ্ছে। আগামী দিনে আরও বড় ক্ষতি হতে পারে। সবজির দামও বাড়তে পারে। তবে রাজ্যে প্রচুর আলু উৎপাদন হয়েছে। সেই আলুর অনেকটাই এখনও মজুত রয়েছে। তাই এই সময়ে সবজির বদলে বেশি করে আলু খান।”
https://youtube.com/shorts/YBLM45ZWe28?si=qLIUUwd51Di2ePY0
তিনি আরও বলেন, “আমরা ভর্তুকি দিয়েও রাজ্যের বাইরে আলু পাঠাচ্ছি। যদি পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে সবজির দাম বেড়ে যাওয়ায় বেশি করে আলু খান, তাহলে বাইরে আলু পাঠানোর জন্য ভর্তুকি দেওয়ার প্রয়োজন কতটা, সেটাও ভাবতে হবে। ভর্তুকি না দিয়ে সেই আলু রাজ্যের মানুষের খাওয়ার জন্য রাখা যেতে পারে।”
উল্লেখ্য, চলতি মাসে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। এর জেরে পাকা আমন ধান মাটিতে শুয়ে পড়েছে। জমিতে জল জমে থাকায় আলু চাষের জমি প্রস্তুত করা এবং বীজ রোপণের কাজও ব্যাহত হচ্ছে। চাষিদের আশঙ্কা, অতিরিক্ত আর্দ্রতায় আলুর বীজ পচে যেতে পারে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো-সহ বিভিন্ন শীতকালীন সবজির ফলনেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, রাজ্যে আলুর উদ্বৃত্ত মজুত কমাতে ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে পরিবহণ ভর্তুকির ব্যবস্থা করেছে সরকার। সড়কপথে আলু পাঠানোর জন্য কুইন্টাল প্রতি ৫০ টাকা বা প্রকৃত পরিবহণ খরচের মধ্যে যেটি কম, সেই পরিমাণ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সব মিলিয়ে একদিকে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির আশঙ্কা, অন্যদিকে বাজারে সবজির দাম বাড়ার সম্ভাবনা—এই দুই পরিস্থিতির মধ্যে আলুর ব্যবহার বাড়ানোর বার্তা দিলেন দিলীপ ঘোষ।




