নিউজ ডেস্ক: পকেটে আরও চাপ বাড়তে চলেছে সাধারণ মানুষের? এবার কি বাড়তে চলেছে রাজ্যের বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া? এই জল্পনাকে ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে। বাসভাড়া বৃদ্ধির দাবিতে ইতিমধ্যেই পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের কাছে আবেদন জানিয়েছে বেসরকারি বাস মালিকদের একাধিক সংগঠন। আর সেই দাবি নিয়ে মন্ত্রীর মন্তব্য ঘিরে বাড়ছে জল্পনা।
বাস মালিকদের দাবি, গত কয়েক বছরে ডিজেলের দাম থেকে শুরু করে বাসের যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ, বিমা এবং অন্যান্য খরচ একাধিক গুণ বেড়েছে। অথচ সেই তুলনায় বাড়েনি বাসের ভাড়া। ফলে লোকসানের মুখে পড়ছেন বাস মালিকরা। তাঁদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি বাস পরিবহন ব্যবস্থা চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে।
এই প্রসঙ্গে পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, ভালো পরিষেবা পেতে গেলে বাসভাড়া বাড়ানো উচিত। তাঁর কথায়, বেসরকারি বাসের অবস্থা অত্যন্ত খারাপ। টোটোর দাপটে বাস পরিবহনের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাস মালিকরা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ক্যাবিনেটে আলোচনা করেই নেওয়া হবে।
অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির দাবি, সর্বশেষ ২০১৮ সালে রাজ্যে বাসভাড়া সংশোধন হয়েছিল। তখন ডিজেলের দাম ছিল লিটারপ্রতি প্রায় ৬৮ টাকা। বর্তমানে তা বেড়ে প্রায় ১০০ টাকা হয়েছে। পাশাপাশি নতুন ইউরো-৬ বাসে ডিজেল এক্সহস্ট ফ্লুইড (DEF) ব্যবহার, যন্ত্রাংশের দাম, লুব্রিক্যান্ট এবং রক্ষণাবেক্ষণের খরচও বেড়েছে।
সংগঠনের হিসাব অনুযায়ী, বাস পরিবহন ব্যবসায় গড়ে প্রায় ৬৯ শতাংশ ক্ষতি হচ্ছে। একটি বাস ব্যবসা শুরু করতে ন্যূনতম ৮০ লক্ষ টাকা বিনিয়োগের প্রয়োজন বলেও দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত ভাড়া পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।
এদিকে, পরিসংখ্যান বলছে, ২০২০-২১ সালে রাজ্যে বেসরকারি রুটের বাসের সংখ্যা ছিল প্রায় ১১,৫০০। ২০২৬-২৭ সালে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৭,০০০। বৃহত্তর কলকাতায় এই সংখ্যা ৬,৭০০ থেকে কমে প্রায় ৩,৫০০ হয়েছে বলে দাবি বাস মালিকদের।
তবে ভাড়া বাড়ার সম্ভাবনায় উদ্বিগ্ন সাধারণ যাত্রীরা। তাঁদের বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ইতিমধ্যেই বেড়েছে, কিন্তু সেই অনুপাতে আয় বাড়েনি। তার উপর বাসভাড়া বাড়লে দৈনন্দিন যাতায়াতের খরচ আরও বাড়বে।
এখন প্রশ্ন, বাস মালিকদের দাবি মেনে কি ভাড়া বৃদ্ধির পথে হাঁটবে রাজ্য সরকার? নাকি সাধারণ মানুষের আর্থিক চাপের কথা মাথায় রেখে অন্য কোনও সমাধান খোঁজা হবে? চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রাজ্যের লক্ষ লক্ষ নিত্যযাত্রী।




