নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর। এবার বালুরঘাট থেকে সরাসরি মায়াপুর যাওয়ার জন্য চালু হল সরকারি বাস পরিষেবা। দীর্ঘদিন ধরেই এই রুটে সরাসরি বাস চালুর দাবি জানিয়ে আসছিলেন সাধারণ যাত্রীরা। অবশেষে সেই দাবি মেনে সোমবার থেকে পরিষেবা শুরু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। নতুন এই পরিষেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা।
সোমবার সকালে বালুরঘাট সরকারি বাসস্ট্যান্ডে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে মায়াপুরগামী সরকারি বাসের উদ্বোধন করেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বাপি সরকার, ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি সন্দীপ সরকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল সাড়ে ৮টায় বালুরঘাট সরকারি বাসস্ট্যান্ড থেকে মায়াপুরের উদ্দেশে রওনা দেবে বাসটি। অন্যদিকে, মায়াপুর থেকে প্রতিদিন সকাল ৭টায় বালুরঘাটের উদ্দেশে ছাড়বে বাস। নির্ধারিত সময় অনুযায়ী, একই দিন সন্ধ্যার মধ্যে বালুরঘাট থেকে যাত্রীরা মায়াপুর পৌঁছতে পারবেন। এই রুটে একাধিক জায়গায় বাস দাঁড়াবে। মোট ২১টি স্টপেজ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বালুরঘাট থেকে মায়াপুর যাওয়ার বাসভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২৬৫ টাকা। ফলে তুলনামূলক কম খরচে সরাসরি গন্তব্যে পৌঁছনোর সুযোগ পাবেন যাত্রীরা। বিশেষ করে মায়াপুরে ধর্মীয় অনুষ্ঠান, পুজো কিংবা ভ্রমণের উদ্দেশে যাঁরা নিয়মিত যাতায়াত করেন, তাঁদের জন্য এই পরিষেবা যথেষ্ট সুবিধাজনক হতে পারে।
এতদিন বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত ট্রেনে যাতায়াতের সুযোগ থাকলেও সেখান থেকে মায়াপুর পৌঁছতে অতিরিক্ত সময় ও যানবাহনের প্রয়োজন হত। সেই সমস্যা দূর করতেই সরাসরি সরকারি বাস চালুর দাবি উঠেছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হল।
বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় জানান, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে আরও বাস চালানোর পরিকল্পনা রয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই এই নতুন পরিষেবা চালু করা হয়েছে।
তবে নতুন পরিষেবা নিয়ে খুশির পাশাপাশি কিছুটা অসন্তোষও রয়েছে যাত্রীদের একাংশের। তাঁদের দাবি, বর্তমানে এই রুটে পুরনো বাস চালানো হচ্ছে। নতুন বাস দেওয়া হলে যাত্রা আরও আরামদায়ক হত। এখন দেখার, যাত্রীদের এই দাবি পরিবহণ কর্তৃপক্ষ কতটা গুরুত্ব দেয়।




