নিউজ ডেস্ক: আরও বিপাকে মমতা তৃণমূল। এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে একসঙ্গে প্রায় ৭০ জন জনপ্রতিনিধি যোগ দিলেন ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে। একের পর এক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করা শুরু করেছে NCPI দলবদলকারীদের তালিকায় রয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে একাধিক সদস্য। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-২ নম্বর পঞ্চায়েত সমিতি-সহ পাঁচটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা এ দিন তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগদান করেছেন। এই যোগদানকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সূত্রের খবর, রবিবার কলকাতার কসবা এলাকায় তাঁদের হাতে NCPI-র পতাকা তুলে দেওয়া হয়। সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য এই দলবদলে সামিল হয়েছেন। পাশাপাশি সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির অধিকাংশ সদস্য এবং সন্দেশখালি ২ নম্বর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দিয়েছেন বলে খবর। যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত NCPI-র দখলে যাওয়ার পথে, সেগুলি হল সন্দেশখালি, বেড়মজুর ১ নম্বর, দুর্গামণ্ডপ, কোড়াকাটি এবং ন্যাজাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। এই দলবদলের ফলে স্থানীয় পঞ্চায়েত স্তরে তৃণমূলের সাংগঠনিক শক্তি বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ NCPI-তে যোগ দিয়েছিলেন। এই দলে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, দেব, সায়নী ঘোষ, জুন মালিয়া সহ একাধিক সাংসদ। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠন বিস্তারে সক্রিয় হয় দলটি। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১৩টি গ্রাম পঞ্চায়েত এবং দুটি পঞ্চায়েত সমিতি নিজেদের নিয়ন্ত্রণে এসেছে বলে NCPI-র দাবি। মিনাখাঁ পঞ্চায়েত সমিতির ২৩টি আসনের মধ্যে সহ-সভাপতি-সহ ১৩ জন সদস্য দলবদল করেছেন। একইভাবে মিনাখাঁর কুলটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান-সহ ১৩ জন সদস্যও NCPI-তে যোগ দিয়েছেন বলে দাবি।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তর দিনাজপুরের ইসলামপুর ও গোয়ালপোখর এলাকাতেও তৃণমূলের পঞ্চায়েত স্তরে ভাঙনের দাবি করেছে NCPI। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূল নেতৃত্বের অভিযোগ, NCPI আসলে বিজেপিরই একটি ‘বি-টিম’। পাল্টা NCPI নেতাদের দাবি, মানুষ NDA-র উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই তাঁদের দলে যোগ দিচ্ছেন। সব মিলিয়ে সন্দেশখালি-সহ বসিরহাটের গ্রামীণ রাজনীতিতে নতুন করে শক্তির সমীকরণ তৈরি হচ্ছে।




