নিউজ ডেস্ক: রাজ্য রাজনীতিতে যখন তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়ে জোর চর্চা, তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন কুণাল ঘোষ। তাঁর দাবি, ২০৩৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাজনৈতিক পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে সেই সময়সীমা আরও এগিয়ে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। কুণালের এই মন্তব্য ঘিরে নতুন করে সরগরম রাজনৈতিক মহল।
একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন কুণাল ঘোষ। দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে সাংবাদিক বৈঠক, একাধিক ক্ষেত্রে অভিষেকের হয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। তবে সাম্প্রতিক সময়ে সাংগঠনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক কৌশল নিয়ে তাঁদের মধ্যে মতপার্থক্যের বিষয়টিও প্রকাশ্যে এসেছে।
বিশেষ করে ২০২৬ সালের জুন মাসে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠককে কেন্দ্র করে অভিষেক ও কুণালের মধ্যে বাদানুবাদ রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিল। ফলে দু'জনের সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়েও নানা প্রশ্ন উঠেছে।
এই পরিস্থিতিতেই অভিষেকের ভবিষ্যৎ নিয়ে নিজের পুরনো বক্তব্য ফের সামনে এনেছেন কুণাল। তাঁর কথায়, দু-তিন বছর আগে একটি পোস্টে তিনি লিখেছিলেন, ২০৩৬ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। এখনও নিজের সেই বক্তব্যে অনড় রয়েছেন তিনি।
কুণাল আরও জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেই তিনি এই মন্তব্য করছেন। পাশাপাশি বিজেপি এবং তাদের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে বিরক্তি তৈরি হচ্ছে। সেই কারণেই অভিষেকের মুখ্যমন্ত্রী হওয়ার সময় ২০৩৬ সালের আগেও চলে আসতে পারে।
এর আগেও বিধানসভা নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে একই ধরনের মন্তব্য করেছিলেন কুণাল। তখনও তিনি বলেছিলেন, অভিষেক ধীরে ধীরে রাজনৈতিক দায়িত্ব সামলানোর ক্ষেত্রে আরও পরিণত হচ্ছেন। তাঁর মতে, অভিষেকের মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার মতো রাজনৈতিক প্রস্তুতি রয়েছে। আরও কিছুটা সময় পেলে তিনি সেই দায়িত্ব নেওয়ার জন্য তৈরি হয়ে উঠবেন।
তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই বদলেছে। তৃণমূলের অন্দরে মতবিরোধ, নেতৃত্বের প্রশ্ন এবং দলীয় ভাঙন নিয়ে নানা আলোচনা চলছে। এমন সময়ে কুণালের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
প্রশ্ন উঠছে, দলের বর্তমান পরিস্থিতির মধ্যেও অভিষেকের ভবিষ্যৎ নিয়ে এতটা আত্মবিশ্বাসী কেন কুণাল? তাঁর এই মন্তব্য কি নিছক ব্যক্তিগত রাজনৈতিক মূল্যায়ন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও বার্তা? আপাতত সেই উত্তর মেলেনি। তবে ২০৩৬ সালের মুখ্যমন্ত্রী পদ নিয়ে কুণালের ভবিষ্যদ্বাণী নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিল, তা বলাই যায়।




