নিউজ ডেস্ক: পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে তিনি। টলিউড হোক কিংবা বলিউড দুই চলচ্চিত্র জগতেই নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। যার সিনেমা মানেই সমস্ত দর্শকদের মধ্যে উন্মাদনা। যিনি নিজের অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক সম্মান। যিনি গোটা বাঙালির গর্ব। এবার তাঁর ঝুলিতে যুক্ত হতে চলেছে সম্মানের আরও এক মুকুট।
বাংলা চলচ্চিত্র জগতে এক নামে যাকে সবাই চেনে মহাগুরু তথা মিঠুন চক্রবর্তী। সেই বিখ্যাত অভিনেতাকে ডি-লিট অর্থাৎ Doctor of Literature দিতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০ তম সমাবর্তন অনুষ্ঠানে মিঠুনের হাতে এই সম্মান তুলে দেওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত হবে অনুষ্ঠানটি। আর এই খবর প্রকাশ্যে আসতেই একেবারে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই সম্মান প্রদানের প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আর এন রবি। গত ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে অনুমোদন সংক্রান্ত চিঠি পৌঁছেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুধু মিঠুন নন, একই অনুষ্ঠানে বিজ্ঞান ও গবেষণাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাম্মানিক ডি-এসসি (Doctor of Science) দেওয়া হবে দুই বিশিষ্ট অধ্যাপক ও বিজ্ঞানী জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে।
বাংলা ও হিন্দি চলচ্চিত্রে পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। 'মৃগয়া' থেকে শুরু করে 'ডিস্কো ডান্সার', 'তাহাদের কথা', 'অগ্নিপথ' বিভিন্ন ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। ২০২৪ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। একই বছরে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য পান দাদাসাহেব ফালকে পুরস্কারও।
এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট তাঁর দীর্ঘ সাংস্কৃতিক ও চলচ্চিত্রজীবনের স্বীকৃতিতে নতুন মাত্রা যোগ করতে চলেছে।




