নিউজ ডেস্ক: একসময় যে ধাতুর দাম আকাশছোঁয়া হওয়ার কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছিল, সেই ধাতুর বাজারেই এখন উল্টোপুরাণ। কয়েক মাস আগেও সোনার দাম দেখে কপালে ভাঁজ পড়ে যাচ্ছিল মধ্যবিত্তদের। কিন্তু বছরের শেষ প্রান্তে এসে ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে দেশের বাজার, সর্বত্রই দামের ওঠানামা ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। কিন্তু হঠাৎ এমন পরিবর্তন কেন? কোন অর্থনৈতিক অঙ্কে বদলে যাচ্ছে সোনার বাজার? এর পিছনে কি শুধু মুনাফা তুলে নেওয়ার প্রবণতা, নাকি বিশ্ব অর্থনীতির বড় কোনও সংকেত লুকিয়ে রয়েছে?
এর সাম্প্রতিক পরিসংখ্যান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সূত্রে খবর, ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি দিল্লির বাজারে ২৪ ক্যারেট সোনার প্রতি দশ গ্রামের দাম ছিল ১ লক্ষ ৭০ হাজার ৩০৫ টাকা। ২০ নভেম্বর তা নেমে গিয়ে দাঁড়ায় ১ লক্ষ ২৬ হাজার ৮৭৫ টাকায়। অর্থাৎ প্রায় ২৫ শতাংশ দর পতন। তবে এই পতনের আগে ২০২৪ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে সোনার দাম প্রায় ১৬৫% বেড়েছিল। তাই বর্তমান পতনকে বাজারের বড়সড় সংশোধন হিসেবেও দেখছেন বিশ্লেষকরা।
আমেরিকার সুদের হার বাড়ানোর আশঙ্কা:
সোনার দাম কমার অন্যতম বড় কারণ মার্কিন ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়তে পারে বলে বাজারে জল্পনা তৈরি হয়েছে। সোনা কোনও সুদ দেয় না। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সরকারি বন্ডের মতো সুদ যুক্ত সম্পদ বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
শক্তিশালী মার্কিন ডলার:
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ডলারে নির্ধারিত হয়। ডলারের মূল্য বাড়লে অন্য দেশের ক্রেতাদের কাছে সোনা কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। সূত্রে খবর, ডলার সূচক ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। এর ফলে সোনার চাহিদার উপর চাপ তৈরি হয়েছিল।
মুনাফা তুলে নেওয়ার প্রবণতা:
দীর্ঘদিন ধরে সোনার দাম বাড়ার ফলে বহু বিনিয়োগকারী বড় অঙ্কের মুনাফার মুখ দেখেছেন। ফলে দাম উচ্চ স্তরে পৌঁছানোর পরে অনেকেই সোনা বিক্রি করে লাভ ঘরে তুলতে শুরু করেন। এতে বাজারে বিক্রির চাপ বেড়ে যায়।
শেয়ার বাজারের ধাক্কা:
শেয়ারবাজারে লোকসান সামলাতে কিছু বিনিয়োগকারী সোনা বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করেছেন। মার্জিন কল মেটানোর চাপও এই বিক্রির অন্যতম কারণ বলে বাজার বিশ্লেষকদের মত।
ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও বাজারের মনোভাব:
যুদ্ধ বা আন্তর্জাতিক অস্থিরতা সাধারণত সোনার চাহিদা বাড়ায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা এবং তার জেরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা সেই নিরাপদ বিনিয়োগের আকর্ষণকে কিছুটা দুর্বল করেছে।
তবে আগামী দিনে সোনার দাম আরও কমবে, নাকি আবার ঘুরে দাঁড়াবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারণ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনা কেনা, আন্তর্জাতিক সংঘাত ডলারের গতি প্রকৃতি এবং সুদের হারের সিদ্ধান্ত ভবিষ্যতের বাজারকে প্রভাবিত করবে। এই সমস্ত বিষয়ের পারস্পরিক প্রভাবেই সোনার আগামী দিনের দাম নির্ধারিত হবে।
অর্থাৎ সোনার বর্তমান দরপতন শুধুমাত্র একটি কারণে হচ্ছে না। অতিরিক্ত মূল্যবৃদ্ধির পর মুনাফা তোলা, শক্তিশালী ডলার এবং আমেরিকার সুদের হার বৃদ্ধির প্রত্যাশা, সব মিলিয়েই তৈরি হয়েছে এই পরিস্থিতি। তাই দাম কমেছে দেখে তাড়াহুড়ো করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে বাজারের গতিপ্রকৃতি বোঝা অত্যন্ত জরুরি।




