নিউজ ডেস্ক: একটি পুরনো মামলার ছায়া কি এখনও তাড়া করে বেড়াচ্ছিল তাঁকে? অতীতের সেই ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িয়ে ছিল পরিবারেরই একজনের নাম। সেই মামলাকে ঘিরে বেশ কিছুদিন ধরে তৈরি হয়েছিল উদ্বেগ। সম্প্রতি পরিস্থিতিতে আসে নতুন মোড়। আর তার কিছুদিনের মধ্যেই ঘটে গেল এমন এক ঘটনা, যা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়ি থেকে উদ্ধার হলো এক নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরে।
মায়ের খুনের মামলায় মূল অভিযুক্ত বাবা। আর সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল নাবালিকা মেয়ে। প্রায় তিন বছর জেল খাটার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বাবা। এরই মধ্যে ঘর থেকে উদ্ধার হল সেই মেয়ের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরে। মৃত ছাত্রীর নাম সায়নী শিকারি। সে অতুলকৃষ্ণ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে খুন হন সায়নীর মা মালা শিকারি। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সায়নীর বাবা সমীর শিকারিকে গ্রেফতার করে পুলিশ। মায়ের খুনের মামলায় অন্যতম সাক্ষী ছিল সায়নী নিজেই। মায়ের মৃত্যুর পর থেকে মামাবাড়িতেই থাকত সে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জেল থেকে মুক্তি পান সমীর শিকারি। এরপরই মেয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি। বিষয়টি পুলিশকেও জানানো হয় বলে দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে সায়নীর মোবাইলের সিম কার্ড পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী মোবাইল নম্বর পরিবর্তনও করা হয়। কিন্তু পরিবারের দাবি, নতুন নম্বরও কোনওভাবে জেনে যান সায়নীর বাবা।
এরই মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের মধ্যে সায়নীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর দাদু। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি। খবর দেওয়া হয় পুলিশে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি মৃত ছাত্রীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনের কল রেকর্ড ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে মৃত্যুর আগে কারও সঙ্গে সায়নীর যোগাযোগ হয়েছিল কি না, তা জানার চেষ্টা চলছে।
অন্যদিকে, সায়নীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামাবাড়ির সদস্যরা। তাঁদের অভিযোগ, সায়নীর মৃত্যুর নেপথ্যে সমীর শিকারির ভূমিকা থাকতে পারে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি। মায়ের খুনের মামলায় সাক্ষী থাকার কারণেই কি কোনও চাপের মুখে পড়েছিল সায়নী? জেল থেকে মুক্তি পাওয়ার পর বাবা কেন বারবার মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন? নাকি এই মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? একাধিক প্রশ্ন ঘিরে রহস্য দানা বেঁধেছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট, মোবাইলের তথ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।




