কলকাতা, নিউজ ডেস্ক: ধর্ষণের চেষ্টা ও যৌন হেনস্তার অভিযোগে জিরো এফআইআর দায়ের হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে। এবার এই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ‘যৌন হেনস্তার অভিযোগ সামনে আসার পরই বিজেপির কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন ব্রাত্য বসু।’
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘আমার কাছে খবর আছে, ব্রাত্যবাবু বিজেপির কিছু নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এতদিন যোগাযোগ করেননি। যেদিন যৌন হেনস্তার অভিযোগ দায়ের হতেই যোগাযোগ করছেন। ডাল মে কুছ কালা হ্যায়। আর না হলে পুরা ডাল হি কালা হ্যায়।’
একইসঙ্গে ব্রাত্যকে কটাক্ষ করে সুকান্ত বলেন, 'তাঁর বিরুদ্ধে মামলা হলে পুলিশ ও আদালতের মাধ্যমেই তার নিষ্পত্তি হবে। শুধু তাই নয়, ব্রাত্যকে নাটক করার পরামর্শও দেন তিনি।
সম্প্রতি, ব্রাত্য বসুর বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্তা সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। বাগুইআটি থানায় দায়ের হওয়া জিরো এফআইআরে প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন সহ প্রায় একাধিক সরকারি আধিকারিকের নাম রয়েছে বলে খবর। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্রাত্য। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, অভিযোগকারিণীকে তিনি চেনেন না। গোটা ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানোর পাশাপাশি আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন তিনি।
ব্রাত্যর এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই সুকান্তর বিজেপির সঙ্গে যোগাযোগের দাবি ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে বিজেপি নেতাদের সঙ্গে ব্রাত্যর যোগাযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রমাণ সামনে আসেনি। সুকান্তর দাবি নিয়ে ব্রাত্য বসুর তরফে নতুন কোনও প্রতিক্রিয়াও মেলেনি।




