কলকাতা, নিউজ ডেস্ক: সব্যসাচী দত্তকে ঘিরে আর্থিক দুর্নীতির তদন্তে আরও সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যবসায়ী ও প্রোমোটার। সূত্রের খবর, সব্যসাচীর সঙ্গে আর্থিক লেনদেনের যোগসূত্র খতিয়ে দেখতে প্রায় ১০ জন ব্যবসায়ীর গতিবিধির উপর নজরদারি চালাচ্ছেন তদন্তকারীরা। তাঁদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়েছে।
লেকটাউন, বালিগঞ্জ এবং সল্টলেক-সহ কলকাতার একাধিক এলাকায় অভিযান চালান ইডির আধিকারিকরা। তদন্তকারীদের সন্দেহ, দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকা বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় বিনিয়োগ করে সাদা করার চেষ্টা হয়ে থাকতে পারে। সেই অর্থের উৎস এবং লেনদেনের আসল কারণ জানতেই এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে। ইডির নজরে থাকা ব্যবসায়ীদের তালিকায় রয়েছেন ভারত ধান্ধানিয়া, বিজয়া ধান্ধানিয়া, ভারত লাখোটিয়া, পবন কুমার ভুবানিয়া, আখতার হোসেন, কমল গান্ধী, বিকাশ গুপ্তা, জয় কিষান পোদ্দার, গৌরীশঙ্কর সারাফ এবং সিদ্ধার্থ বাঙ্কা। এই ব্যবসায়ীদের সঙ্গে সব্যসাচী দত্তের যোগাযোগের সূত্র ধরেই আর্থিক লেনদেনের একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশিতে উদ্ধার হওয়া নথির পাশাপাশি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর্থিক লেনদেন এবং সম্পত্তি সংক্রান্ত তথ্যও গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হচ্ছে। তদন্তের স্বার্থে সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের একে একে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।
গত জুন মাসে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। পরবর্তীতে তদন্তে তাঁর ঘনিষ্ঠদের আর্থিক লেনদেন এবং বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থ উদ্ধারের বিষয়টি সামনে আসে। অভিযোগ, বিভিন্ন ব্যবসায়ী ও প্রোমোটারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল। সেই সূত্র ধরেই রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে ইসিআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করে ইডি। অভিযানের সময় ব্যবসায়ীদের বাড়ি থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি, ফাইল এবং ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখা হয়েছে বলে খবর। লেকটাউনে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তথা ব্যবসায়ীর ফ্ল্যাটেও অভিযান চালানো হয়। তাঁকে আর্থিক নথি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। তবে তল্লাশিতে ঠিক কী কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। সব্যসাচী দত্ত বর্তমানে কলকাতা হাই কোর্টের শর্তসাপেক্ষ জামিনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।




