নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এমন দাবিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়েছে।
টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে সমাধিসৌধ প্রাঙ্গণে ধোয়া-মোছার কাজ শুরু করেন। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শত শত সাধারণ মানুষ পরিচ্ছন্নতা সামগ্রী নিয়ে সেখানে জড়ো হন।
সরেজমিনে সমাধি কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, শিশু থেকে শুরু করে নানা বয়সী সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ধোয়া-মোছার কাজে হাত লাগিয়েছেন। এ সময় স্থানীয় নারীদেরও গান গেয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে দেখা যায়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়দের ভাষ্যমতে, কোনো দলীয় পদ-পদবি বা রাজনৈতিক পরিচয় থেকে নয়, বরং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি ভালোবাসা থেকেই তারা সকাল থেকে সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার করছেন। তাদের প্রত্যাশা, আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় ফিরে যেন দেখতে পান, এলাকাবাসী তার পিতার সমাধি আগের মতোই যত্ন ও পরিচ্ছন্নতায় আগলে রেখেছে।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে নিষিদ্ধ ঘোষিত ডুমরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন মোর্তুজা অভিযোগ করে বলেন, “দীর্ঘ ২৭ মাস ধরে জাতির পিতার সমাধিসৌধে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং নানাভাবে আমাদের দমিয়ে রাখা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার খবরে সরকারি কোনো উদ্যোগ ছাড়াই সাধারণ মানুষ ভালোবেসে এই কমপ্লেক্স ধুয়েমুছে পরিষ্কার করছেন।”
একই সুরে নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক জানান, আগামী ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েই তারা এই পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। তিনি বলেন, “নেত্রী টুঙ্গিপাড়ায় এসে যেন সমাধিসৌধটি ঝকঝকে অবস্থায় দেখতে পান, সেটিই আমাদের লক্ষ্য। তিনি দেশে না ফেরা পর্যন্ত আমাদের লড়াই-সংগ্রাম চলবে।”
অভিযানের উদ্যোক্তা টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, “পূর্ববর্তী ইউনূস ও তারেক রহমানের সরকার সমাধিসৌধটি দীর্ঘদিন বন্ধ রেখেছিল। একসময় যেখানে একটি পাতা পড়লেও সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হতো, সেখানে এসে দেখি পুরো এলাকা ময়লা-আবর্জনায় জরাজীর্ণ হয়ে পড়েছে। এখন পরিস্থিতি অনুকূলে আসায় বিভিন্ন গ্রাম থেকে আপামর জনতা স্বতঃস্ফূর্তভাবে এসে এটি পরিষ্কার করছেন।”




