নিউজ ডেস্ক: কানাডায় ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ বাড়ল। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে তিন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সর্বশেষ ঘটনায় কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তরুণ-তরুণীর। পুলিশের প্রাথমিক তদন্তে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। এই হত্যাকাণ্ডের পিছনে সংগঠিত অপরাধচক্রের যোগ থাকতে পারে বলেও সন্দেহ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম গগনপ্রীত রেহাল (২৩) এবং সুখজিৎ কৌর (২৪)। গত ১৫ নভেম্বর স্থানীয় সময় রাত ১০টা ৩৮ মিনিট নাগাদ সারের একটি ওয়ালমার্ট স্টোরের সামনে তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় এক ব্যক্তি তাঁদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ওই তরুণ-তরুণী ডেল্টা এলাকায় বসবাস করতেন। তদন্তে গগনপ্রীতের বিরুদ্ধে আগে থেকে থাকা একটি অস্ত্র সংক্রান্ত মামলার বিষয়টিও সামনে এসেছে। তবে এই ঘটনার সঙ্গে সেই মামলার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, সুখজিৎ কৌরের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে তদন্তকারী দল।
তবে এই ঘটনা বিচ্ছিন্ন নয় বলেই মনে করছেন তদন্তকারীরা। কারণ, গত তিন সপ্তাহে কানাডায় ভারতীয় বংশোদ্ভূতদের মৃত্যুর একাধিক ঘটনা সামনে এসেছে। গত ২৯ অক্টোবর সারে শহরেই উদ্ধার হয়েছিল ২৫ বছর বয়সি তুষার শর্মার অগ্নিদগ্ধ দেহ। ল্যাংলের রলিনসন ক্রেসেন্ট এলাকায় একটি গাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকেরা পুলিশ এবং দমকলকে খবর দেন। আগুন নেভানোর পর গাড়ির ভিতর থেকে তুষারের দেহ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে সেই ঘটনাকেও পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করেছিলেন তদন্তকারীরা। এবার ফের একই অঞ্চলে ভারতীয় বংশোদ্ভূত দু’জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।
পরপর এই মৃত্যুর ঘটনায় বেশ কয়েকটি প্রশ্ন উঠছে। ব্যক্তিগত শত্রুতা, অপরাধমূলক লেনদেন নাকি সংগঠিত অপরাধচক্রের যোগ—কোন কারণে এই হত্যাকাণ্ডগুলি ঘটছে, তা এখনও নিশ্চিত নয়।
পুলিশের তদন্তের দিকেই এখন নজর। তিনটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কানাডায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




