নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের সংঘাত আরও বিপজ্জনক মোড় নিল। পারস্য উপসাগরের আকাশে মার্কিন F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করল ইরান। তেহরানের দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুদ্ধবিমানটি। পরিস্থিতি সামাল দিতে অভিযান বাতিল করে নিকটবর্তী একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। যদিও ইরানের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। তাদের বক্তব্য, কোনও মার্কিন F-16 যুদ্ধবিমানে হামলা চালানো হয়নি। মধ্যপ্রাচ্যে মোতায়েন সমস্ত মার্কিন যুদ্ধবিমান নিরাপদ রয়েছে।
শনিবার ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এই হামলার দাবি করে। ইরানের সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির খবর অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় পারস্য উপসাগরের আকাশে একটি মার্কিন F-16 যুদ্ধবিমানের গতিবিধি শনাক্ত করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইরানের দাবি, ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানের কাছাকাছি বিস্ফোরিত হয় এবং তার জেরে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বাধ্য হয়ে অভিযান বাতিল করে জরুরি অবতরণ করেন পাইলট। তবে কোন বিমানঘাঁটিতে বিমানটি অবতরণ করেছে, তা জানায়নি তেহরান। ইরানের এই দাবির পরেই পাল্টা বিবৃতি দেয় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা CENTCOM।
তাদের দাবি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-র মার্কিন F-16 যুদ্ধবিমানকে আঘাত করার দাবি সম্পূর্ণ মিথ্যা। শুক্রবার কোনও মার্কিন F-16 যুদ্ধবিমানে হামলা চালানো হয়নি। মধ্যপ্রাচ্যে মোতায়েন সমস্ত মার্কিন যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং সেগুলির অবস্থান সম্পর্কে সামরিক বাহিনী অবগত।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তথ্যযুদ্ধও নতুন মাত্রা পেয়েছে। ইরানের সেনাবাহিনী হামলার সমর্থনে একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং আকাশে একটি লক্ষ্যবস্তুর দিকে সেটি এগিয়ে যাওয়ার দৃশ্য দেখা গিয়েছে বলে দাবি তেহরানের। যদিও ওই ফুটেজে ক্ষেপণাস্ত্রটি সত্যিই মার্কিন যুদ্ধবিমানে আঘাত করেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
উল্লেখযোগ্য বিষয়, ইরানের সেনাবাহিনী এবং IRGC-র বক্তব্যেও এই ঘটনায় কিছুটা পার্থক্য রয়েছে।
প্রথমে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগের অভিযানের কথা জানানো হলেও মার্কিন CENTCOM তাদের বিবৃতিতে IRGC-র দাবির উল্লেখ করেছে। পরে তেহরান স্পষ্ট করে জানায়, অভিযানটি পরিচালনা করেছিল ইরানের নিয়মিত সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগ।
এর পাশাপাশি হরমুজ প্রণালী ঘিরেও উত্তেজনা অব্যাহত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথটিতে জাহাজ চলাচল নিয়ে আমেরিকা ও ইরানের সংঘাত ক্রমশ বাড়ছে। ইরানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন MQ-9 Reaper ড্রোনও ধ্বংস করেছে। এমনকী হরমুজ প্রণালীতে নজরদারির সময় নতুন প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলেও দাবি করেছে IRGC।
তাদের দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া মার্কিন ড্রোনের সংখ্যা বেড়ে ৫৮ হয়েছে। যদিও এই সংখ্যার স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি।
সব মিলিয়ে F-16 যুদ্ধবিমান ঘিরে নতুন এই দাবি-পাল্টা দাবি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও অনিশ্চিত করে তুলেছে। একদিকে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে মরিয়া তেহরান, অন্যদিকে সামরিক ক্ষয়ক্ষতির খবর অস্বীকার করছে ওয়াশিংটন।




