নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশ পুলিশের এক অদ্ভুত ভুল ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছিল সহারনপুর পুলিশ। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সার্কিট হাউসে পৌঁছে যান এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর সঙ্গে থাকা বিশাল গাড়ির কনভয় ও নিরাপত্তারক্ষীদের দেখে পুলিশকর্মীরা তাঁকেই বিচারপতি বলে ভুল করে বসেন। এরপর বিচারপতির বদলে ওয়েইসিকেই আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উত্তরপ্রদেশের সহারনপুরের সার্কিট হাউসে। সেখানে সুপ্রিম কোর্টের এক বিচারপতির আসার কথা ছিল। তাঁকে স্বাগত জানাতে আগে থেকেই পুলিশি প্রস্তুতি নেওয়া হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে গার্ড অফ অনার—সব আয়োজনই ছিল সম্পূর্ণ। কিন্তু বিচারপতির নির্ধারিত সময়ের আগেই সেখানে হাজির হন ওয়েইসি। তাঁর সঙ্গে বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী এবং গাড়ির বহর দেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা বিভ্রান্ত হয়ে পড়েন। তাঁরা ওয়েইসির কনভয়কেই বিচারপতির কনভয় বলে ধরে নেন।
https://x.com/ANI/status/2124114820127662544?a=TMyQon1NYUb4bgkmxRc&s=20
এরপর পুলিশকর্মীরা ওয়েইসিকে আনুষ্ঠানিক অভিবাদন জানান এবং গার্ড অফ অনার দেন। ওয়েইসিও সেই সম্মান গ্রহণ করেন। পরে সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, কেন তাঁকে এই সম্মান জানানো হচ্ছে, তা তিনি নিজেও বুঝতে পারেননি। পুলিশকর্মীরা তাঁকে দাঁড়াতে বলেছিলেন, তাই তিনি দাঁড়িয়েছিলেন।
সূত্রের খবর, ওয়েইসির পূর্বনির্ধারিত কর্মসূচিতে সার্কিট হাউস যাওয়ার কথা ছিল না। শনিবার সকালে আজ়াদ সমাজ পার্টি (কাঁসিরাম)-র প্রধান চন্দ্রশেখর আজ়াদের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছন তিনি। দুই নেতার সাক্ষাৎ এবং সাংবাদিক বৈঠকের পর তাঁরা সার্কিট হাউসে যান। ঘটনাচক্রে, একই সময়ে সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতির আসার কথা থাকায় এই বিভ্রান্তি তৈরি হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা বিচারপতি ও ওয়েইসির পরিচয় গুলিয়ে ফেললেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
সহারনপুর পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশ সুপার (গ্রামীণ)-কে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় গাফিলতি হয়েছিল এবং কী কারণে এই ভুল হল, তা খতিয়ে দেখা হবে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। এদিকে, সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে ওয়েইসি ও চন্দ্রশেখর আজ়াদের একসঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণও নতুন করে আলোচনায় এসেছে। তবে পুলিশের এই ভুলের ঘটনায় আপাতত সবচেয়ে বড় প্রশ্ন, যাঁকে অভ্যর্থনা জানানোর জন্য এত আয়োজন, তাঁকেই কি চিনতে পারেননি দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীরা?




