নিউজ ডেস্ক: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার উপর নির্মিত
৯.৭৬ কিলোমিটার দীর্ঘ এই ‘নীতীশ সেতু’ পটনা জেলার কাচ্চি দরগার সঙ্গে বৈশালীর বিদুপুর ব্লককে জুড়ছে। গঙ্গার উপর তৈরি হওয়া এই সেতুর কাজ গত ১৪ বছর ধরে চলছিল।শনিবার গামছা উড়িয়ে সেই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরীকে সঙ্গে নিয়ে সেতুতে হাঁটেন তিনি।
গত মে মাসের পর এই প্রথম বিহার সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেতু উদ্বোধনের আগে পটনা বিমানবন্দরে প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। নীতীশ কুমারকে আলিঙ্গন করেন তিনি। পরে সেই সাক্ষাতের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে মোদী লেখেন, ‘পটনা বিমানবন্দরে নীতীশ কুমারের সঙ্গে দেখা করে তিনি অত্যন্ত আনন্দিত।’
এদিনের অনুষ্ঠানে আরও একবার আলোচনায় উঠে আসে মোদীর গামছা ওড়ানো। ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিপুল জয়ের পর বিজেপির দফতরে গামছা হাতে প্রধানমন্ত্রীর উচ্ছ্বাসের ছবি ভাইরাল হয়েছিল। শনিবার নীতীশ সেতু উদ্বোধনের পর ফের গামছা হাতে জনতার উদ্দেশ্যে অভিবাদন জানান তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন, মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
প্রায় ৪,২৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই ছয় লেনের সেতুটি। মূল সেতুর দৈর্ঘ্য প্রায় ৯.৭৬ কিলোমিটার। বাকি ১০ কিলোমিটার সংযোগকারী রাস্তা। এই সেতু চালু হলে মহাত্মা গান্ধী সেতু এবং জেপি সেতুর উপর যানবাহনের চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যাতায়াত আরও দ্রুত হবে। বিশেষ করে রাঘোপুর দিয়ারা এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। এ দিন বিহারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।




