বিনোদন ডেস্ক: আসন্ন মার্ভেল ব্লকবাস্টার ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র মুক্তির আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, আর তার আগেই ফাঁস হয়ে গেল মার্ভেলের অন্যতম বড় চমক! রাইটার্স গিল্ড অফ আমেরিকা (WGA)-র অফিশিয়াল ডিরেক্টরিতে সিনেমাটির রাইটিং ক্রেডিট বা লেখকদের তালিকায় যুক্ত হয়েছে হলিউডের দুই জনপ্রিয় তারকা রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যান-এর নাম। এই খবর প্রকাশ্যে আসতেই মার্ভেল অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়েছে।
রাইটার্স গিল্ড অফ আমেরিকা-র তথ্য অনুযায়ী, 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে' সিনেমার মূল চিত্রনাট্যকার হিসেবে স্বীকৃতি পেয়েছেন মার্ভেলের অভিজ্ঞ লেখক স্টিভেন ম্যাকফিলি এবং মাইকেল ওয়ালড্রন। অন্যদিকে, রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যানকে ‘অ্যাডিশনাল লিটারারি ম্যাটেরিয়াল’ বিভাগে ক্রেডিট দেওয়া হয়েছে। হলিউডের নিয়মানুযায়ী, কোনো লেখক বা তারকা যদি মূল চিত্রনাট্যের বাইরে সিনেমায় অতিরিক্ত সংলাপ, হাস্যরস বা নিজস্ব চরিত্রের অংশ ঘষামাজা করার কাজ করেন, তবে পর্দার নেপথ্যে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, রায়ান রেনল্ডস এর আগে 'ডেডপুল ২' এবং 'ডেডপুল অ্যান্ড ওলভারিন' সিনেমার সহ-লেখক হিসেবে কাজ করলেও, হিউ জ্যাকম্যানের দীর্ঘ ক্যারিয়ারে এটিই প্রথম রাইটিং ক্রেডিট।
WGA-র তালিকা অনুযায়ী, এই মেগা প্রজেক্টের লেখার কাজের সঙ্গে মোট ১০ জন যুক্ত রয়েছেন। মূল দুই চিত্রনাট্যকার ছাড়াও 'অ্যাডিশনাল লিটারারি ম্যাটেরিয়াল' তালিকায় রেনল্ডস ও জ্যাকম্যানের পাশাপাশি রয়েছেন এরিক পিয়ারসন, ক্রিস ম্যাককেনা, এরিক সোমারস, জেফ লাভনেস, অ্যান্ড্রু ল্যানহ্যাম এবং ‘শাং-চি’ খ্যাত পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।
প্রসঙ্গত, সিনেমাটির নাম যখন 'অ্যাভেঞ্জার্স: দ্য কাং ডাইনেস্টি' ছিল, তখন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন এবং জেফ লাভনেস এর পরিচালনার ও লেখার দায়িত্বে ছিলেন। পরবর্তীতে অভিনেতা জোনাথন মেজরস বাদ পড়ার পর মার্ভেল গল্পে বড় পরিবর্তন আনে এবং রুশো ভ্রাতৃদ্বয় পরিচালনায় ফিরে আসেন।
মার্ভেল স্টুডিওস এখন পর্যন্ত 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে'-র কাস্ট তালিকায় আনুষ্ঠানিকভাবে রায়ান রেনল্ডস বা হিউ জ্যাকম্যানের নাম ঘোষণা করেনি। তবে রাইটিং ক্রেডিটে তাঁদের নাম আসায় ভক্তদের ধারণা, সিনেমাটিতে ডেডপুল এবং ওলভারিন বা লোগান-এর চরিত্র দুটির সংলাপ নিজেরাই লিখেছেন এই দুই তারকা। এই সিনেমায় পুরনো 'এক্স-মেন' (X-Men) ফ্র্যাঞ্চাইজির প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাককেলেন, জেমস মার্সডেন এবং 'গ্যাম্বিট' চরিত্রে চ্যানিং ট্যাটাম ফিরছেন। তাই সেখানে ডেডপুল ও ওলভারিনের উপস্থিতি প্রায় নিশ্চিত বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। এদিকে, হিউ জ্যাকম্যান বিষয়টি নিয়ে নীরব থাকলেও, খবরটি ছড়িয়ে পড়ার পর রায়ান রেনল্ডস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (X)-এ মজার ছলে 'ডেডপুল অ্যান্ড ওলভারিন'-এর একটি ভিডিও ক্লিপ শেয়ার করে জল্পনা আরও উসকে দিয়েছেন।
অ্যান্থনি ও জো রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর, ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তবে ভারতে মুক্তি পাবে ১৭ ডিসেম্বর। এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো খলনায়ক ডক্টর ডুম চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়র-এর প্রত্যাবর্তন। এ ছাড়াও ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, পেড্রো পাস্কাল, ভেনেসা কার্বি, টম হিডলস্টন এবং অ্যান্থনি ম্যাকির মতো একঝাঁক তারকাকে এই সিনেমায় দেখা যাবে।




