স্পোর্টস ডেস্ক: দৌড়ের ময়দানে নতুন নজির গড়ল বেঙ্গালুরু। চতুর্থবারের জন্য আয়োজিত কানাড়া ম্যারাথন ২০২৬-এ অংশ নিলেন রেকর্ড সংখ্যক ১১ হাজার প্রতিযোগী। রবিবার উৎসবের মেজাজে শেষ হল এই দৌড় প্রতিযোগিতা। শুধু অংশগ্রহণকারীর সংখ্যার নিরিখেই নয়, এবারের আয়োজনের গুরুত্ব আরও বেড়েছে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ঘোষণায়। এর ফলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দৌড়বিদেরা নিজেদের নির্দিষ্ট দৌড়ের সময়ের ভিত্তিতে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জনের আবেদন করতে পারবেন।
‘একসঙ্গে আসুন, একসঙ্গে দৌড়ন’— এই বার্তাকে সামনে রেখেই আয়োজন করা হয়েছিল এবারের প্রতিযোগিতা। কানাড়া ব্যাঙ্কের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনের মূল লক্ষ্য সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা এবং শরীরচর্চার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ানো। বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী শ্রী কান্তিরাভা স্টেডিয়াম থেকে প্রতিযোগিতার সূচনা হয়। কানাড়া ব্যাঙ্কের শীর্ষ কর্তারা উপস্থিত থেকে দৌড়ের সূচনা করেন।
এবারের ম্যারাথনে তিনটি বিভাগ রাখা হয়েছিল— ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং ৩ কিলোমিটারের আনন্দদৌড়। সকাল ৬টা নাগাদ শুরু হয় ১০ কিলোমিটারের দৌড়। তার পরে শুরু হয় ৫ কিলোমিটার এবং ৩ কিলোমিটারের বিভাগ। ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ব্রিজেশ কুমার সিংও সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে ৫ কিলোমিটার বিভাগে অংশ নেন।
ব্রিজেশ কুমার সিং জানান, বিভিন্ন বয়স ও পেশার মানুষকে এক মঞ্চে এনে শরীরচর্চা, অন্তর্ভুক্তি এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। সাধারণত মানুষ সম্পদ তৈরির জন্য ব্যাঙ্কের দ্বারস্থ হন। কিন্তু তাঁর বক্তব্য, প্রকৃত সম্পদ হল সুস্বাস্থ্য। সেই উপলব্ধি মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই ম্যারাথনের আয়োজন।
কানাড়া ব্যাঙ্কের কার্যনির্বাহী অধিকর্তা হরদীপ সিং আহলুওয়ালিয়া জানান, বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় নির্ধারিত সময়ের আগেই নাম নথিভুক্তির প্রক্রিয়া বন্ধ করতে হয়েছিল। তাঁর মতে, দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের অন্যতম কেন্দ্র বেঙ্গালুরুর বাসিন্দাদের মধ্যে শরীরচর্চা নিয়ে সচেতনতা ক্রমশ বাড়ছে।
একই সুর শোনা গিয়েছে ব্যাঙ্কের আর এক কার্যনির্বাহী অধিকর্তা এস কে মজুমদারের বক্তব্যেও। তাঁর মতে, সুস্থ শরীরই প্রকৃত সম্পদ। দেশের তরুণ প্রজন্ম নিয়মিত শরীরচর্চাকে জীবনের অংশ করে তুললে দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে।
প্রতিযোগিতার প্রতিটি বিভাগের অংশগ্রহণকারীদের হাতে পদক তুলে দেওয়া হয়।
বিজয়ীদের বিশেষভাবে সম্মানিত করে কানাড়া ব্যাঙ্ক কর্তৃপক্ষ। রেকর্ড সংখ্যক দৌড়বিদের উপস্থিতি এবং আন্তর্জাতিক স্বীকৃতির ঘোষণায় এবারের কানাড়া ম্যারাথন নতুন মাত্রা পেল। আগামী দিনে এই আয়োজন আন্তর্জাতিক দৌড়ের মঞ্চে বেঙ্গালুরুর পরিচিতি আরও বাড়াবে বলেই আশা আয়োজকদের।




