নিউজ ডেস্ক: সরকারি নির্দেশিকা জারি হয়েছে প্রায় তিন মাস আগে। কিন্তু বাস্তবে তার কোনও প্রতিফলন নেই! ১৫ বছরের বেশি পুরনো বেসরকারি বাসের ফিটনেস সার্টিফিকেট বা সিএফ ফি নিয়ে নতুন করে সমস্যায় পড়েছেন কলকাতা ও শহরতলির বাসমালিকেরা। সরকারি বিজ্ঞপ্তিতে ফি সংক্রান্ত ছাড়ের কথা বলা হলেও আঞ্চলিক পরিবহণ দফতর (আরটিও) এবং মোটর ভেহিকলস অফিসগুলিতে এখনও পুরনো নিয়মেই কাজ চলছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি পরিবহণ দফতরের শীর্ষকর্তার দ্বারস্থ হল বেসরকারি বাস মালিক সংগঠন।
জানা গিয়েছে, গত ২৭ অগস্ট রাজ্য পরিবহণ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে কলকাতা মেট্রোপলিটন এলাকার (কেএমএ) অন্তর্গত ১৫ বছরের বেশি পুরনো বাসের ফিটনেস পরীক্ষার ফি নিয়ে নতুন নিয়মের কথা জানানো হয়। নির্দেশিকা অনুযায়ী, বছরে দু'বার বাসের ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক থাকলেও মূল পরীক্ষার ফি দিতে হবে একবারই। দ্বিতীয়বার পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র পরিদর্শন ফি নেওয়ার কথা বলা হয়েছিল।
কিন্তু বাসমালিকদের অভিযোগ, নির্দেশিকা জারির পর প্রায় তিন মাস কেটে গেলেও সংশ্লিষ্ট দফতরগুলিতে সেই নিয়ম কার্যকর হয়নি। সরকারি সফটওয়্যার আপডেট না হওয়া এবং প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপের অভাবেই এই সমস্যা তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।
এই নিয়ে শুক্রবার পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা। গত ২০ নভেম্বর পরিবহণ ভবনে সেই আবেদনপত্র গৃহীত হয়েছে। সংগঠনের দাবি, অবিলম্বে সমস্ত সংশ্লিষ্ট আরটিও ও মোটর ভেহিকলস অফিসকে নতুন নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হোক।
বাসমালিকদের বক্তব্য, এমনিতেই ডিজেলের দাম, যন্ত্রাংশের মূল্য, বিমা এবং বাসের রক্ষণাবেক্ষণের খরচ ক্রমাগত বাড়ছে। তার উপর ফিটনেস সার্টিফিকেটের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সামলানো কঠিন হয়ে উঠছে। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে কিছুটা স্বস্তির আশা তৈরি হলেও বাস্তবে সেই সুবিধা পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, কলকাতা মেট্রোপলিটন এলাকায় ২০০৯ সালের ১ অগস্ট থেকে ১৫ বছর বা তার বেশি বয়সি বাণিজ্যিক যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল। পরে ২০২৫ সালের নভেম্বরে কলকাতা হাই কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে ১৫ বছর বা তার বেশি বয়সি স্টেজ ক্যারেজ বাস চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে বছরে দু'বার ফিটনেস ও দূষণ পরীক্ষা বাধ্যতামূলক রাখা হয়েছে।
এখন প্রশ্ন, সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও কেন তা কার্যকর হচ্ছে না? পরিবহণ দফতরের হস্তক্ষেপে কবে এই জট কাটবে, সেদিকেই তাকিয়ে বাসমালিকেরা।




