স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দলের প্রস্তাবিত কেরল সফর ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলছে। তারই মধ্যে নতুন করে চর্চায় উঠে এল প্রাক্তন কেরল রাজ্য ক্রীড়া পরিষদের সভাপতি ইউ শরাফ আলির ফুটবল অ্যাকাডেমি। শরাফ আলির দাবি, মেসি-সফরের স্পনসর সংস্থা তাঁর পরিচালিত ফুটবল অ্যাকাডেমিতে ২ কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে ওই অর্থ তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে যায়নি বলেও স্পষ্ট করেছেন তিনি।
শনিবার এই মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান, তাঁর প্রাক্তন ব্যক্তিগত সচিব সি সত্যপালন এবং শরাফ আলিকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। এর আগে স্পনসর সংস্থা এবং সংস্থার পরিচালকের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিল। তদন্তে উঠে এসেছে, মালাপ্পুরম জেলার আরিকোডে অবস্থিত শরাফ আলি পরিচালিত ‘নোভাস সকার অ্যাকাডেমি’ ওই সম্প্রচার সংস্থার কাছ থেকে ২ কোটি টাকা পেয়েছে।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরাফ আলি জানান, তরুণ ফুটবল প্রতিভা খুঁজে বের করা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে ২০২২ সালের অগস্টে বেসরকারি সংস্থা হিসেবে অ্যাকাডেমিটি তৈরি হয়। আরিকোডে থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ওডাক্কায়ামে ১৫ একর জমি চিহ্নিত করা হয়েছিল আধুনিক প্রশিক্ষণকেন্দ্র তৈরির জন্য।
শরাফ আলির দাবি, স্পনসর সংস্থাটি অ্যাকাডেমির প্রধান বিনিয়োগকারী। তারা সংস্থার শেয়ার কিনেছে এবং বর্তমানে সবচেয়ে বেশি শেয়ারের মালিক। বিনিয়োগের টাকা সংস্থার প্রয়োজনেই খরচ হয়েছে। লেনদেন ও খরচের সমস্ত নথি রয়েছে বলেও দাবি করেছেন তিনি। তদন্তকারী দল বা সরকারি সংস্থা চাইলে সেই নথি জমা দেবেন।
মেসি-সফরের চুক্তি এবং বিনিয়োগের সময়কাল নিয়ে প্রশ্ন উঠলে শরাফ আলি জানান, অ্যাকাডেমি তৈরি হয়েছিল ২০২২ সালে। বিভিন্ন সময়ে একাধিক বিনিয়োগকারী অর্থ দিয়েছেন। ২০২৪ সালের ২৪ ডিসেম্বরের পর মেসি-সফর নিয়ে আলোচনা চলাকালীন তিনি সংশ্লিষ্ট চুক্তিতে সই করেন।
তাঁর দাবি, দু’টি ঘটনার মধ্যে কোনও যোগ নেই, সময়ের মিল নিছক কাকতালীয়। তবে স্পনসর সংস্থার হাতে কত শতাংশ শেয়ার রয়েছে, তা প্রকাশ করতে চাননি তিনি।




