নিউজ ডেস্ক: শনিবার রাতের একটি ঘটনা নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। আচমকা অসুস্থ হয়ে পড়েন এক জনপ্রতিনিধি। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে রাতের মধ্যেই তাঁকে একাধিক হাসপাতালে নিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কি থেকে এমন শারীরিক বিপর্যয়? খাবারের সঙ্গে কি কোনও বিষাক্ত পদার্থ মিশে গিয়েছিল? আপাতত একাধিক প্রশ্নের উত্তর খুজছেন চিকিৎসক ও তদন্তকারীরা।
জানা গিয়েছে, শনিবার রাতে খাবার খাওয়ার পর হঠাৎ গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র। প্রথমে তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় চার ঘন্টা সিসিইউতে রেখে চিকিৎসা চলে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ার জন্য রাত প্রায় তিনটে নাগাদ তাঁকে কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
রবিবার সকালে বিধায়কাকে দেখতে হাসপাতালে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ্বত মুখোপাধ্যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “খাবারে বিষক্রিয়া থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের তরফে আমার ও মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রেখা আগের থেকে সুস্থ হয়েছে। পুরোপুরি তো বলা যায় না। বিজেপি পরিবারের পাশে আছে। দ্রুত সুস্থ কামনা করি।”
তিনি আরও বলেন, "আগের চেয়ে স্টেবল আছে রেখা। খাবারে সংক্রমণজনিত রোগে তাঁকে হসপিটালে ভর্তি করা হয়েছে। খাবারগুলি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।" তবে কিভাবে বিষক্রিয়া হল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, “কিভাবে এই ঘটনা ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখবে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে সম্পূর্ণ বিপদমুক্ত বলা যাচ্ছে না।”
অন্যদিকে, পরিবারের তরফে দাবি করা হয়েছে, রেখা পাত্রের পেটে বিষাক্ত 'হার্বাল লার্ভিসাইড' প্রবেশ করেছে বলে হাসপাতালের রেফালের কার্ডে উল্লেখ রয়েছে। যদিও বিষক্রিয়ার বিষয়টি এখনও চূড়ান্তভাবে নির্দিষ্ট হয়নি। খাবারের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে রেখা পাত্রের অসুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ছে। একদিকে ভেন্টিলেশনে চলছে চিকিৎসা অন্যদিকে, খাবারের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষা। আপাতত তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। দ্রুত সুস্থ হয়ে উঠুক বিধায়িকা, সেই প্রার্থনাই করছেন পরিবারের সদস্য ও দলের নেতারা।




