নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়ার শেয়ারবাজারে বড়সড় ধাক্কা। টানা সাতটি ট্রেডিং সেশনে দরপতনের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বাধিক মূল্যবান সংস্থার তকমা হারাল জেনসেন হুয়াংয়ের সংস্থা। বাজার মূলধনের নিরিখে এনভিডিয়াকে পিছনে ফেলে তিন নম্বর জায়গা দখল করে নিল গুগ্লের মূল সংস্থা অ্যালফাবেট। শুক্রবারের লেনদেন শেষে প্রযুক্তি দুনিয়ায় এই পালাবদল ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
বাজারের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। এর জেরে সংস্থার বাজার মূলধন নেমে দাঁড়ায় প্রায় ৩.৪ লক্ষ কোটি ডলারে। অন্যদিকে, অ্যালফাবেটের বাজার মূলধন পৌঁছয় প্রায় ৩.৪৪ লক্ষ কোটি ডলারে। অর্থাৎ, সামান্য ব্যবধানেই এনভিডিয়াকে টপকে যায় গুগ্লের মূল সংস্থা। তালিকার প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছে যথাক্রমে অ্যাপল এবং মাইক্রোসফট।
সবচেয়ে উদ্বেগের বিষয়, এনভিডিয়ার এই পতন কোনও এক দিনের ঘটনা নয়। টানা সাতটি লেনদেনের দিন ধরে সংস্থার শেয়ারের দর নিম্নমুখী। ২০০৮ সালের পর এই প্রথম এত দীর্ঘ সময় ধরে পতনের মুখে পড়ল এনভিডিয়ার স্টক। অথচ কয়েক দিন আগেই ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশ করে ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছিল সংস্থাটি। তারপরেও বিনিয়োগকারীদের আস্থা ফিরল না কেন, তা নিয়েই প্রশ্ন উঠছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, এর পিছনে অন্যতম কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI শিল্পের ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তা। গত কয়েক বছরে এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উন্নতমানের চিপের চাহিদা। সেই বাজারে কার্যত শীর্ষস্থান দখল করে রয়েছে এনভিডিয়া। কিন্তু এআই পরিকাঠামোয় বিপুল বিনিয়োগের পর সংস্থাগুলি কতটা আর্থিক মুনাফা ঘরে তুলতে পারবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।
শুধু এনভিডিয়াই নয়, প্রযুক্তি ক্ষেত্রের একাধিক সংস্থার শেয়ারেও বিক্রির চাপ দেখা গিয়েছে। শুক্রবার ন্যাসড্যাক কম্পোজিট সূচক প্রায় ৫.৩ শতাংশ কমেছে। অতিরিক্ত মূল্যায়ন, মুদ্রাস্ফীতির চাপ এবং এআই পরিকাঠামোয় বিপুল বিনিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন—সব মিলিয়ে ওয়াল স্ট্রিটে তৈরি হয়েছে অস্থিরতা।
অর্থাৎ, এআই বিপ্লবের অন্যতম প্রধান মুখ হয়েও এখন সেই প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তার ধাক্কা সামলাতে হচ্ছে এনভিডিয়াকে। আগামী দিনে সংস্থার শেয়ার ঘুরে দাঁড়ায় কি না, নাকি অ্যালফাবেটের সঙ্গে ব্যবধান আরও বাড়ে, এখন সেদিকেই নজর বিনিয়োগকারীদের।




